সারজিস আলম
গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:৩০ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, একই আদেশের মাধ্যমে গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হলে একটিকে বৈধ এবং অন্যটিকে অবৈধ বলা যুক্তিসঙ্গত নয়। তার ভাষায়, একই প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া দুটি বিষয়ের ক্ষেত্রে ভিন্ন ব্যাখ্যা দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, যদি গণভোটকে অবৈধ বলা হয়, তাহলে একই আদেশের ভিত্তিতে গঠিত সরকার ও মন্ত্রিসভার বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। তিনি দাবি করেন, নির্বাচনে জনগণের একটি অংশ যেমন ভোট দিয়েছে, তেমনি গণভোটেও আরও বেশি সংখ্যক ভোটার অংশ নিয়েছেন। তাই গণভোটের বৈধতা অস্বীকার করা হলে একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রয়োজন ও জনগণের আকাঙ্ক্ষা থেকেই সংবিধানের সৃষ্টি। জনগণের ইচ্ছার ঊর্ধ্বে কোনো সংবিধান হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব নয় বলেও দাবি করেন।
ব্যাংক খাত নিয়ে বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে ইসলামী ব্যাংক দখলের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, বর্তমান সরকারও একই পথে এগোচ্ছে। তিনি দাবি করেন, এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আবারও ব্যাংক ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে বিদেশে অর্থপাচারের অভিযোগ থাকা ব্যক্তিদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হলে তা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক হবে।
পথসভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, রাশেদ খান এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকীরও সমালোচনা করেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, সংস্কারের দাবিতে সোচ্চার থাকা কিছু নেতা বর্তমানে ক্ষমতার অংশ হয়ে তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসেছেন।
পঞ্চগড়ে ছাত্রলীগের এক নেতার জামিনের প্রসঙ্গ টেনে বিচার বিভাগ ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের কর্মকর্তাদের দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের স্বার্থে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় জনগণ ভবিষ্যতে জবাবদিহি নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রশাসনের উদ্দেশে সারজিস আলম বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং যায়, কিন্তু রাষ্ট্র ও জনগণ সবসময়ই থাকে। তাই কোনো দল বা ব্যক্তির প্রতি আনুগত্য নয়, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মুজাহিদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
