নাহিদ ইসলাম
এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক পথ থেকে সরে গিয়ে স্বৈরাচারী শাসনের ধারাবাহিকতা বজায় রাখছে। তার দাবি, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে এবং সন্ত্রাসনির্ভর রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখতে চাইছে।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কামাইছড়া পুলিশ ক্যাম্পে সদর থানার উদ্দেশ্যে অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে শহীদদের স্মরণ এবং গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হচ্ছিল। এরই অংশ হিসেবে হবিগঞ্জে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। তার অভিযোগ, ওই হামলায় এক কিশোরের চোখ নষ্ট করা হয়েছে।
তিনি বলেন, স্বাধীন পুলিশ কমিশন গঠন না করাসহ গণভোটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হয়নি। এতে প্রমাণিত হয়, সরকার আগের ব্যবস্থাকেই অব্যাহত রাখতে চায়।
স্থানীয় সংসদ সদস্যের সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, জনপ্রতিনিধির দায়িত্ব পালন না করে তিনি সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন। তার ভাষ্য, প্রকাশ্যে সংঘটিত হামলার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়ের করতে গেলেও প্রথমে পুলিশ বাধা দেয়। পরে ১৪৪ ধারা জারি থাকায় কর্মসূচি স্থগিত করে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ আলোচনার পর পুলিশ অভিযোগ গ্রহণ করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার কপি দেওয়ার আশ্বাস দেয় বলে জানান তিনি।
বিএনপি ও স্থানীয় নেতাদের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, বিরোধী মত দমনে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের সংস্কৃতি এখনও বহাল রয়েছে।
নাসীরউদ্দীন পাটওয়ারীকে ঘিরে বিতর্কের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দলের কোনো নেতা আইন ভঙ্গ করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তবে সেই বিচার রাজনৈতিক প্রতিপক্ষ বা কোনো সংগঠনের হাতে ছেড়ে দেওয়া যায় না।
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্যের বিরুদ্ধেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে তাদের অভিযোগ।
নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এনসিপি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, স্বাধীন পুলিশ প্রশাসন এবং স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই রাজনীতি করছে।
হবিগঞ্জের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি এখনও অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক ঘটনাগুলো তারই প্রতিফলন।
পুলিশের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নিরপেক্ষতা প্রমাণ করতে হলে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশে ন্যায়বিচার ও গণতন্ত্র নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হবে।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
