পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের ব্যবধানে কয়েক দফায় জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে। একই সঙ্গে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে আহত হয়ে চোখ হারানো এনসিপি নেতা আলিফ চৌধুরীর খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
আলিফ চৌধুরীর শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, চিকিৎসকদের বোর্ড সভা শেষে শনিবার তার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক বা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। তার ভাষ্য, এ ধরনের ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ভুল বার্তা যাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বেড়ে গেছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন। তবে তিনি কোন ১২টি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি।
সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সরকার শিগগিরই জনরোষের মুখে পড়বে। জনগণকে এ বিষয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, তারেক রহমান দল ও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন।
