হাসনাত আবদুল্লাহ
আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
সংগৃহীত ছবি
বিএনপির নেতাদের একাংশ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, রাজনৈতিক সমঝোতার পালাবদলে এক পক্ষ ক্ষমতায় থাকছে, অন্য পক্ষ বিদেশে আশ্রয় নিচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের তৃণমূলের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বর্ষপূর্তি উপলক্ষে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক এ সভার আয়োজন করে এনসিপির জুলাই গণ-অভ্যুত্থান সেল।
সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর একটি পক্ষ দেশে ফিরে এসেছে, আরেকটি পক্ষ তাদের আশ্রয়ে রয়েছে। এমনও শুনেছেন, মালয়েশিয়ায় যে বাড়িতে এত দিন বিএনপির একজন সংসদ সদস্য থাকতেন, সেখানে এখন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য উঠছেন। সমঝোতার রাজনীতির কারণে আওয়ামী লীগের সঙ্গে আপস হলে দেশে আবারও নির্যাতন-নিপীড়নের পরিবেশ তৈরি হতে পারে। বিএনপির ওই অংশের কারণে দলটির নেতা-কর্মীদের জীবনও বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
আওয়ামী লীগের বিচারের প্রশ্নে বিএনপির দ্বিচারিতা রয়েছে অভিযোগ করে তিনি বলেন, পলাতক ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হলেও দেশে অবস্থানরত ব্যক্তিদের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে না। গণ-অভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও একটি রায়ও বাস্তবায়িত হয়নি। ২১৭টি আসন পেয়েও বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
হাসনাত বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ অংশ নিয়েছেন। দেশকে রক্ষা করতে হলে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।
ভারতের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ভারতের নিষিদ্ধ কোনো সংগঠনের নেতা বাংলাদেশে বসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে দিল্লি তা মেনে নিত না। অথচ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করা একটি নিষিদ্ধ দলের নেতারা ভারতে বসে একই ধরনের কর্মকাণ্ড চালালেও দেশটির সরকার তা মেনে নিচ্ছে।
গার্মেন্টসশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, শ্রমিকদের দাবিগুলো যৌক্তিক। তবে এই আন্দোলনকে পুঁজি করে আওয়ামী লীগ যাতে কোনো সুযোগ নিতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। কারখানা ধ্বংস হলে শ্রমিকদের কর্মসংস্থানও হুমকির মুখে পড়বে।
আলোচনা সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং জামিন-বাণিজ্যের মাধ্যমে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বিচারিক প্রক্রিয়ায় বিচারের দাবি জানান। তিনি বলেন, ২০০৬ সালে পল্টনে লগি-বৈঠা নিয়ে যে তাণ্ডব চালানো হয়েছিল, আওয়ামী লীগ এখনো সেই অবস্থানেই রয়েছে। গোপালগঞ্জেও সেই তাণ্ডব দেখা গেছে। বিএনপির আপসকামিতার সুযোগে আওয়ামী লীগ আবারও সক্রিয় হলে লগি-বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটাতে পারে।
এনসিপির জুলাই গণ-অভ্যুত্থান সম্পাদক তামিম আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান, শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন, শহীদ আরাফাত হুসাইনের ভাই হাসান আলী এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহত আতিকুল গাজী প্রমুখ।
