তারেক রহমান
অর্থনৈতিক মুক্তির জন্যও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্যও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জে বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। এ জন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার। জনগণ এই অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র-জনতা শহীদ হয়েছে। তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হবে।
তিনি বলেন, আগামীতে ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেয়া হবে। শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে।
আরো পড়ুন: মির্জা ফখরুল ও রিজভীর নামে বিজ্ঞপ্তি, যা বললো বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশে কতগুলো পরিবার আছে আমরা তা নির্দিষ্ট করব, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি করে ফ্যামিলি কার্ড প্রত্যেক পরিবারকে করে দিব। এই ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মায়ের অথবা গৃহিণীর নামে। এই কাজটি প্রথমে গ্রাম থেকে তারপর আস্তে আস্তে শহর থানা উপজেলা ও জেলা পর্যায়ে করবো। ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবারের মাসিক প্রয়োজনীয় ভোগ্য পণ্যের কিছু অংশ পাওয়া যাবে।
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন প্রমুখ।
এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
