ভূমিমন্ত্রী
‘স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী নয়’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থীর পরিবর্তে দলীয় সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনি এলাকায় একজন করে একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাই নির্বাচনে দলের একাধিক নেতাকর্মীর প্রার্থী হওয়ার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তবে দলীয় আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনি এলাকায় একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনেও দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা হবে। সারাদেশে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করতে দলীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে।
বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়ানো এবং পায়রা অবমুক্ত করে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণিচত্বর, জিরো পয়েন্ট ও আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে শেষ হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই নগরীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
