×

রাজনীতি

গোলাম পরওয়ার

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পিএম

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

ছবি : সংগৃহীত

দিল্লির সঙ্গে গোপন আঁতাতের কারণেই আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে কি না, তা জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা অনুযায়ী এ সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় বিষয়ে গণভোটের মতামত উপেক্ষা করা হলে তা জুলাই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত জাতীয় সিরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রাসুলুল্লাহ (সা.)-এর শ্রমনীতি: শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অনন্য আদর্শ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার বলেন, রাসুলুল্লাহ (সা.) মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ। বিশ্বের দুঃখী, অনাহারী ও নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটাতে তিনি যে মানবিক ও কল্যাণভিত্তিক নীতি-আদর্শ প্রতিষ্ঠা করেছেন, তা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য অনুসরণীয়। তাঁর শ্রমনীতি অনুসরণ করা হলে শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্য, ন্যায়বিচার এবং পারস্পরিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, শ্রমিক ও মালিককে পরস্পরের প্রতিপক্ষ বানিয়ে শ্রেণিসংগ্রামের মাধ্যমে সমাজ পরিবর্তনের যে মতবাদ প্রচার করা হয়েছে, তা মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারেনি। কারখানা বন্ধ, লালপতাকার রাজনীতি ও শ্রেণিসংগ্রামের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার ধারণাকে তিনি নাস্তিক্যবাদী মতাদর্শের সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেন।

একসময় একশ্রেণির শ্রমিক নেতা ট্রেড ইউনিয়নকে সমাজতন্ত্র প্রতিষ্ঠার ‘স্কুল’ হিসেবে ব্যবহার করতেন উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ধর্মবিরোধী স্লোগানও ছিল। এর বিপরীতে ইসলামের নীতি ও আদর্শের আলোকে শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যেই ১৯৬৮ সালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, রাসুলপ্রণীত শ্রমনীতি প্রতিষ্ঠা ছাড়া শ্রমজীবী মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়। ইসলাম শ্রমিক ও মালিককে পরস্পরের ভাই হিসেবে বিবেচনা করে। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তার শ্রমের যথাযথ মূল্য দেওয়া মালিকের দায়িত্ব। একই সঙ্গে শ্রমিককেও সততা, দায়িত্বশীলতা ও আমানতদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

শ্রমিককে কেবল উৎপাদনের একটি উপকরণ হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তার পরিবার, জীবনযাপন, মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। শ্রমের সুফলে শ্রমিকের ন্যায্য অংশ নিশ্চিত করতে হবে। ইসলামী শ্রমনীতির উদ্দেশ্য মালিক-শ্রমিকের মধ্যে সংঘাত তৈরি করা নয়; বরং ন্যায় ও দায়িত্বের ভিত্তিতে উভয়ের অধিকার প্রতিষ্ঠা করা।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গোলাম পরওয়ার বলেন, নতুন বাংলাদেশে জনগণ ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না। জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করে দেশকে পুরোনো রাজনৈতিক ধারায় ফিরিয়ে নেওয়ার যেকোনো চেষ্টা জনগণ মেনে নেবে না।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, দিল্লির সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চক্রান্ত চলছে কি না, তা জনগণের সামনে পরিষ্কার করা দরকার। রাজনৈতিকভাবে নিষিদ্ধ ও বিতর্কিত একটি দল কীভাবে দেশের বিভিন্ন স্থানে মিছিল-মিটিং করার সুযোগ পাচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

সবাইকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, শ্রমিকের অধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার এবং রাষ্ট্রে ন্যায়বিচার -সব বিষয়কেই সমান গুরুত্ব দিতে হবে। কোনো বিশেষ শ্রেণি বা গোষ্ঠীর স্বার্থে রাষ্ট্র পরিচালিত হলে বৈষম্য দূর করা সম্ভব নয়।

তিনি বলেন, শ্রমিক-মালিক, কৃষক-জনতা এবং দেশের সব শ্রেণি-পেশার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে ইসলামী শ্রমনীতিকে ভিত্তি করে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম। প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামি চিন্তাবিদ, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মাওলানা আব্দুস সামাদ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, পরিবেশ বিজ্ঞানী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রব, আইনজীবী ও ইসলামি চিন্তাবিদ ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, লেখক ও গবেষক ড. আবুল কালাম আজাদ (বাশার), লেখক ও গবেষক মুফতি আলী হাসান ওসামা এবং হৃদরোগ বিশেষজ্ঞ ও সমাজসেবক অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App