রাশেদ খাঁন
জামায়াত ও আওয়ামী লীগের পুরোনো প্রেম ফের জেগে উঠেছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরোনো প্রেম আবার জেগে উঠেছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। তাই বিএনপি কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চাইবে না।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের নতুন হাটখোলা মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে ঝিনাইদহ সফরে এসে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াত যে অযৌক্তিক লংমার্চ কর্মসূচি পালন করছে, সরকার তাতে কোনো বাধা দিচ্ছে না। তবে জামায়াতের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অন্যদিকে, জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে সুরক্ষা দিয়ে চাঁদাবাজির সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: যে কারণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদের কথা বললেন ডিএমপি কমিশনার
নির্বাচনে অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকলে তা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকেই হয়েছে বলে তিনি মনে করেন। সাধারণ মানুষের ধারণা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের প্রকৃত ভোটে জয়ী হয়ে জাতীয় সংসদে যাননি।
বিএনপির অবস্থান স্পষ্ট করে রাশেদ খাঁন বলেন, দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। উদাহরণ হিসেবে তিনি জানান, সম্প্রতি ঝিনাইদহের একটি সড়কের কাজে অনিয়মের অভিযোগ ওঠার পর তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ এনে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দিল্লি থেকে শেখ হাসিনা যে ভাষায় কথা বলছেন, জামায়াতে ইসলামীর আমিরও ঠিক একই ভাষায় কথা বলছেন। এমনকি ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের নেতাদের বক্তব্যের মধ্যেও এখন কোনো পার্থক্য নেই।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাশেদ খাঁন বলেন, এই দুই দলের অপতৎপরতা সামাল দিয়েই সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে। তাই দেশ অস্থিতিশীল করার অপতৎপরতা বন্ধ করে সরকারকে সহযোগিত করার জন্য জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানান তিনি।
