আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না। আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই। রাজশাহী আমাদের সবার। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যাবো আমাদের প্রিয় রাজশাহীকে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রাজশাহীতে ৩ থেকে ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের তিন দিনব্যাপী ফ্রি হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, হার্ট ফাউন্ডেশন তিলে তিলে এই পর্যায়ে এসেছে সেজন্য আমি খুব আনন্দিত। তিন দিনব্যাপী শিশু শিক্ষার্থীদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম করেছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। হার্ট ফাউন্ডেশন ভবিষ্যতে আরো ভালো কিছু করবে।
হার্ট ফাউন্ডেশনের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এই হার্ট ফাউন্ডেশনে যাতে আগামী দিনে আরো বেশি অনুদান আসে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আরো বৃহত্তর পরিসরে হাসপাতালটি কার্যক্রম পরিচালিত করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে আরো আন্তরিকতার সঙ্গে কাজ করে ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। ইতোমধ্যে ২৫০০ জনের হৃদ্রোগ সশনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী চেম্বারের সভাপতি হাসেন আলী বক্তব্য প্রদান করেন।
হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন হার্ট ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাম্মদ হাবিবুর রহমান।
এর আগে, গত ২২ জুলাই এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনায় রাজশাহীর পাশাপাশি চীনের চারজন চিকিৎসক অংশ নেন। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৬০০ জন রেজিস্ট্রেশন করেছিলেন। সার্বিক কার্যক্রমে সহায়ক টিম হিসেবে কাজ করেছে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদ্রোগ বিভাগ।
