ট্যাংক ফায়ারিং দুর্ঘটনা
নিহত সেনাসদস্য রিফাতের শেষ বিদায়
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি: ভোরের কাগজ
চট্টগ্রামের হাটহাজারীতে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য সৈনিক তাসনিম রিফাতকে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে মরদেহ সড়কপথে তার গ্রামের বাড়ি বিন্দারামপুরে নেওয়া হলে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বাদ জোহর বিন্দারামপুরে রিফাতের জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি হাজারো এলাকাবাসী অংশ নেন। জানাজা শেষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পূর্ণ সামরিক মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: র্যাবের অবসান, আসছে এসআরবি

বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনাটি ঘটে। অনুশীলনের একপর্যায়ে ট্যাংকের ভেতরে একটি গোলা বিস্ফোরিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য সৈনিক তাসনিম রিফাতসহ দুই সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন।
রিফাতের বয়স হয়েছিল ২৮ বছর। মাত্র তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মাকে হারিয়েছিলেন তিনি। এবার ছেলেকে হারিয়ে নির্বাক বাবা আসাদুল ইসলাম। মৃত্যুকালে রিফাত স্ত্রী ও প্রায় আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।
