হেবা আইন বাতিল ও গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
‘হেবা আইন (সংশোধনী) বিল, ২০২৬’ বাতিল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং মূল্যস্ফীতির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার বাদ জুমা নগরের সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে মিছিলটি বের হয়। মিছিলটি মনি চত্বর, রাজশাহী কলেজের সামনে ও কুমারপাড়া মোড় প্রদক্ষিণ করে আবার সাহেব বাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সদ্য পাস হওয়া হেবা আইনকে কোরআন-সুন্নাহ ও ইসলামী শরিয়াহবিরোধী দাবি করে তা বাতিলের আহ্বান জানান। তাঁদের বক্তব্য, কোরআনে উত্তরাধিকার বিধান সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে। তাই এর বাইরে নতুন কোনো পদ্ধতি বা আইন সংযোজনের প্রয়োজন নেই।
বক্তারা আরও বলেন, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সংকট দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

সমাবেশ থেকে হেবা আইন বাতিল ও গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, দাবি পূরণ না হলে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ, রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ মো. ফয়সল হোসেন মনি, মহানগরের সহসভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, জেলা শাখার সেক্রেটারি মো. ইসাহাক, ইসলামী যুব আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি মো. হাসিবুর রহমান, মহানগর প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুফতি ইমরান হোসাইন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পারভেজ আকন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
