×

রাজশাহী

ছাত্রদল কর্মীদের গুলির ঘটনায় জামায়াত নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম

ছাত্রদল কর্মীদের গুলির ঘটনায় জামায়াত নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ

ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলা, গোলাগুলি ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের পাঁচ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া রহিম মন্ডল (শফি) নামে এক স্থানীয় বালু ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (তারিখ উল্লেখ নেই) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া এলাকায় কয়েক দফায় এসব সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ পাঁচজন হলেন—পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।

আহতরা সবাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানের সমর্থক এবং উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

নিখোঁজ রহিম মন্ডল (শফি) মাজদিয়া এলাকার বাসিন্দা ও স্থানীয় বালু ব্যবসায়ী। স্থানীয়দের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রানা সরদারের ছত্রচ্ছায়ায় বালু ব্যবসা করতেন। সরকার পতনের পর থেকে সন্ত্রাসী কাকন বাহিনী ও স্থানীয় জামায়াত নেতাকর্মীদের ছত্রচ্ছায়ায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সোমবার বিকেলে বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে অজ্ঞাতপরিচয় কয়েকজন রহিম মন্ডলের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে ভাঙচুর করে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার জন্য ছাত্রদলের একাংশের কর্মীদের দায়ী করে মাজদিয়ার পাশের রঙ্গীলা মোড় এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর অতর্কিত গুলি চালায় কাকন বাহিনীর সদস্যরা বলে অভিযোগ উঠেছে। এতে ছাত্রদলের পাঁচ কর্মী গুলিবিদ্ধ হন।

এর জেরে রাতে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় আটটি মোটরসাইকেল ও পবিত্র কোরআন শরিফ পুড়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির একাংশের কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে এলাকায় এসে বাসিন্দাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। সন্ধ্যার ঘটনার পর রাতে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। একপর্যায়ে বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তারা অত্যন্ত চতুরতার সঙ্গে এ ধরনের বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।’

অন্যদিকে, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় ছাত্রদল নেতারা মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে গুলি করেন।

গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। পরে পুলিশের উপস্থিতিতে বিক্ষুব্ধরা রহিম মন্ডল (শফি)র বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও তিনটি বাড়ি পুড়ে যায়। এ সময় পুলিশ সদস্যদের নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে কয়েক দফায় হামলা, গোলাগুলি ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদল কর্মীদের গুলির ঘটনায় জামায়াত নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ

ছাত্রদল কর্মীদের গুলির ঘটনায় জামায়াত নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ

মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App