×

যুক্তরাষ্ট্র

মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম

মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ছবি : সংগৃৃহীত

বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়ন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা-সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরপরই এ পদক্ষেপ নিল ব্রিটিশ সরকার।

যুক্তরাজ্য সরকার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘মিয়ানমার (নিষেধাজ্ঞা) বিধিমালা ২০২১’-এর আওতায় পাঁচ সামরিক কর্মকর্তাকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তাঁরা হলেন—মেজর জেনারেল মিয়ো মিন তুন, মেজর জেনারেল মিয়াত থেত উ, মেজর জেনারেল কিয়াও সোয়ে, মেজর জেনারেল কিয়াও সোয়ার উ এবং মিয়ো হ্তুত হ্লাইং।

মেজর জেনারেল মিয়ো মিন তুন শান ও কায়াহ অঞ্চলের ইস্টার্ন মিলিটারি কমান্ডার। বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়ন এবং শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাঁর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মেজর জেনারেল মিয়াত থেত উ কাচিন অঞ্চলের নর্দার্ন কমান্ডের সাবেক কমান্ডার এবং লাওসে নিযুক্ত মিয়ানমারের সাবেক রাষ্ট্রদূত। বেসামরিক জনগণের ওপর দমন-পীড়নে সামরিক কর্তৃপক্ষকে সহায়তার অভিযোগে তাঁকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

মেজর জেনারেল কিয়াও সোয়ে ২০২৬ সালের জুনে রাখাইন অঞ্চলের ওয়েস্টার্ন কমান্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব পান। জনবসতিপূর্ণ এলাকা ও চিকিৎসা অবকাঠামোয় বিমান হামলাসহ বেসামরিক নাগরিকদের ওপর নিপীড়নের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, ওয়েস্টার্ন কমান্ডের সাবেক কমান্ডার মেজর জেনারেল কিয়াও সোয়ার উয়ের বিরুদ্ধে ম্রাউক-উ জেনারেল হাসপাতালে বিমান হামলাসহ বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা পঞ্চম কর্মকর্তা মিয়ো হ্তুত হ্লাইং।

নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বাড়াতে আরও কয়েকটি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

এর মধ্যে রয়েছে, মিয়ানমারে বিমানের জ্বালানি রপ্তানি ও সরবরাহ পুরোপুরি বন্ধ করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা। এ ছাড়া রাখাইন রাজ্যে বসবাসরত প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ ও নথিবদ্ধ করা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে ৩০ লাখ পাউন্ডের বিশেষ তহবিলও ঘোষণা করেছে যুক্তরাজ্য।

গত সপ্তাহে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের পর এবার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ

ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ

মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App