রাজশাহী
বিপৎসীমা ছুঁইছুঁই পদ্মার পানি, তলিয়ে যাচ্ছে চরাঞ্চল
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি: সংগৃহীত
উজানের ঢলে রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়ছে। শুক্রবার সকাল ৯টায় নদীর পানির উচ্চতা ১৭ দশমিক ২০ মিটার রেকর্ড করা হয়েছে। বিপৎসীমা থেকে পানি এখন মাত্র ৮৫ সেন্টিমিটার নিচে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মার দক্ষিণ তীরের চরাঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে বহু পরিবার।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, পদ্মার পানি বাড়লেও রাজশাহী শহর রক্ষা বাঁধ নিয়ে এখনই কোনো ঝুঁকি নেই। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে পাউবো সতর্ক অবস্থানে রয়েছে। বাঁধের কোথাও ঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: পে স্কেলের গেজেট আটকে কোথায়, কর্মকর্তারা জানালেন কারণ
পাউবো সূত্রে জানা গেছে, গত ১০ দিন ধরে পদ্মায় পানি ধারাবাহিকভাবে বাড়ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১৫ মিটার। আজ শুক্রবার সকাল ৯টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ২০ মিটারে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ০৫ মিটার। তিন ঘণ্টা পর বেলা ৩টায় তা বেড়ে ১৭ দশমিক ১২ মিটারে পৌঁছায়। অর্থাৎ, ওই তিন ঘণ্টায় পানি বেড়েছে সাত সেন্টিমিটার।

পানি বাড়ায় রাজশাহী শহরের বিপরীতে পদ্মার ওপারে ভারত সীমান্তঘেঁষা চর খিদিরপুর ও খানপুরের বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এসব এলাকার অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। পাউবো বলছে, পানি বিপৎসীমার নিচে থাকলেও চরাঞ্চলের নিচু এলাকাগুলোতে প্লাবন অব্যাহত রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
