গৃহবধূ শিমু হত্যা, গ্রেপ্তার ৩
মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:১১ পিএম
ছবি: সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ শিমু আক্তারকে পিটিয়ে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ধলাগাছ মতির মোড় এলাকায় র্যাব-১৩ (সিপিসি-২) নীলফামারী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রায়হান রিতু (৩০), জসিম (৩২) ও জিতু (৩৪)। তারা সবাই সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শিমু আক্তার (৩১)-এর সঙ্গে রায়হান রিতুর প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে যৌতুক দিতে অপারগতা জানালে নির্যাতনের মাত্রা বাড়তে থাকে।
এরই ধারাবাহিকতায়, গত ৯ এপ্রিল সকালে স্বামীর বাড়িতে শিমুকে মারধর করে গুরুতর আহত করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মারপিটের পরে ঘটনাটি আড়াল করতে তাকে জোরপূর্বক বিষপান করানো হয়। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১০ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনায় গত ১২ এপ্রিল নিহত শিমু আক্তারের বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১২)।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-১৩ অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। ফলশ্রুতিতে অভিযান চালিয়ে পলাতক তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, “যৌতুকসহ সামাজিক অপরাধ দমনে র্যাব সর্বদা তৎপর। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
