×

জাতীয়

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশের সঙ্গে দেশটির চারটি সহযোগিতা স্মারক সই হয়েছে। পাশাপাশি দুটি উন্নয়ন প্রকল্পে ৪ হাজার ৬৫৬ মিলিয়ন ইয়েন ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে। উপকূলীয় নিরাপত্তা জোরদারে টহল জাহাজ সরবরাহের জন্য অনুদান দেওয়ার বিষয়েও চুক্তি করেছে জাপান।

সোমবার টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে টহল জাহাজ সরবরাহের জন্য জাপান সর্বোচ্চ ২১২ কোটি ইয়েন বা ১৩ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে।

এ ছাড়া জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে একটি সহযোগিতা স্মারক (এমওসি) সই হয়েছে।

জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের মধ্যে দক্ষতা উন্নয়ন কর্মসূচি ও কর্মসংস্থানসংক্রান্ত সহযোগিতা নিয়েও একটি এমওসি সই হয়েছে।

একইভাবে জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার আরেকটি স্মারক সই হয়েছে।

এ ছাড়া জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতাপত্র বা লেটার অব ইনটেন্ট (এলওআই) সই হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ দুটি প্রকল্পের জন্য ঋণের প্রতিশ্রুতি পেয়েছে। প্রকল্প দুটি হলো বিনিয়োগের পরিবেশ উন্নয়ন প্রকল্প এবং উপজেলা গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের দ্বিতীয় পর্যায়।

বিনিয়োগের পরিবেশ উন্নয়ন প্রকল্পে ১ হাজার ৫৮৮ মিলিয়ন ইয়েন বা ১০০ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

অন্যদিকে উপজেলা গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ের জন্য ৩ হাজার ৬৮ মিলিয়ন ইয়েন বা ১৯৪ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৬ অক্টোবর স্ত্রীকে সঙ্গে নিয়ে চার দিনের সরকারি সফরে জাপান যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই

ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা

ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

যুবদল থেকে বহিষ্কার এমপিপুত্র মিন্টু, ওসি প্রত্যাহার

যুবদল থেকে বহিষ্কার এমপিপুত্র মিন্টু, ওসি প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App