×

রংপুর

কুড়িগ্রামে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:২৩ পিএম

কুড়িগ্রামে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

ছবি: সংগৃহীত

উজানের ঢল আর টানা বৃষ্টিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের মুড়িয়ারহাট এলাকার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

সোমবার (২৯ জুন) দুপুরে কুড়িগ্রামে উজানের ঢলে সব নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী,  দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে অন্যান্য নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। এর মধ্যে ধরলা নদীর পানি কুড়িগ্রাম পয়েন্টে ৪৮ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ৮৫ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ৬৭ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বৃদ্ধির ফলে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও রৌমারী উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, ইতোমধ্যে এসব এলাকার বীজতলা, পাট ও শাকসবজিসহ প্রায় ২০৪ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিনের ভারী বৃষ্টিতে দুধকুমার নদের পানি বেড়ে মুড়িয়ারহাট এলাকার বেড়িবাঁধে ধস দেখা দেয়। সময়মতো সংস্কার না করায় রোববার (২৮ জুন) বিকেলে বাঁধের একটি অংশ ভেঙে যায়। এরপর থেকেই নদীর পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করতে শুরু করে।

বামনডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, ‘মিয়াপাড়া ও মুড়িয়ারহাট এলাকায় বেড়িবাঁধ ভেঙে এবং কয়েকটি স্থানে বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের প্রায় ২০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দুধকুমার নদের পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বামনডাঙ্গা ইউনিয়নের একটি নিচু সড়ক তলিয়ে যাওয়ায় সেখান দিয়ে পানি লোকালয়ে ঢুকছে। পরিস্থিতি মোকাবিলায় জিও ব্যাগ ফেলে পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করা হবে।’

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. খোদাদাদ হোসেন বলেন, ‘বাঁধ ভাঙার খবর পাওয়ার পরই পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি মেরামত করবে। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘উজানের ঢলে প্লাবিত এলাকার মানুষের জন্য জরুরি সহায়তা হিসেবে দুই লাখ টাকা এবং ১১০০ প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ভাঙন প্রতিরোধে জেলার প্রতিটি উপজেলার জন্য এক হাজার করে জিও ব্যাগ সংরক্ষণ করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঞ্ছারামপুরে গণপাঠাগারের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

বাঞ্ছারামপুরে গণপাঠাগারের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী

চার সপ্তাহে এলো ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স

চার সপ্তাহে এলো ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স

‘প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯টি খাল দখলমুক্ত করবে ডিএনসিসি’

‘প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯টি খাল দখলমুক্ত করবে ডিএনসিসি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App