নীলফামারী পানি উন্নয়ন বোর্ড
অর্ধেকের বেশি পদ শূন্য, জোড়াতালি দিয়ে চলছে কাজ
মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম
ফাইল ছবি
তীব্র জনবল সংকটে এক রকম জোড়াতালি দিয়েই চলছে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম। পরিস্থিতি সামাল দিতে একেকজন কর্মকর্তাকে পালন করতে হচ্ছে দুই থেকে তিনটি পদের অতিরিক্ত দায়িত্ব। এতে একদিকে কমে যাচ্ছে দাপ্তরিক কাজের স্বাভাবিক গতি, অন্যদিকে অতিরিক্ত কাজের চাপে মানসিক ও শারীরিকভাবেও ভেঙে পড়ছেন কর্মকর্তারা।
শূন্যপদ পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কয়েক দফায় আবেদন জানানো হলেও, আশ্বাস দেওয়া ছাড়া নেওয়া হয়নি এসব শূন্যপদ পূরণের কোনো উদ্যোগ। অনুসন্ধানে জানা গেছে, সরকারের গুরুত্বপূর্ণ এ দপ্তরটিতে দীর্ঘদিন ধরে শূন্য পদের বিপরীতে নতুন নিয়োগ বন্ধসহ ধীরগতির কারণে এই সংকট তৈরি হয়েছে। এ ছাড়াও অবসরজনিত ও বদলির কারণে খালি হওয়া পদগুলো সময়মতো পূরণ না হওয়ায় শূন্যপদের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে।
এদিকে, জনবল সংকটের প্রভাবে বাড়ছে দীর্ঘসূত্রতা। কাজের ধীরগতির কারণে সেবা গ্রহীতাদের মাঝে ক্ষোভও তৈরি হচ্ছে এমন দাবিও করছেন অনেকে।
জানতে চাইলে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় কর্মকর্তা রেজা আহমেদ বলেন, ‘নিজের মূল দায়িত্ব পালনের পাশাপাশি আরও অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। একেকটি ফাইল দেখে সই করতে করতেই দিন শেষ। এমনকি দিনশেষে পরিবারকেও সময় দেওয়ার সুযোগ হচ্ছে না। অতিরিক্ত কাজের চাপে মানসিক ও শারীরিকভাবেও অনেকটা ভেঙে পড়তে হচ্ছে।
জানতে চাইলে, নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া ভোরের কাগজ’কে বলেন, “শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে নতুন জনবল নিয়োগের প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। আশ্বাসও পেয়েছি, আশা করছি, দ্রুততম সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।”
তবে, স্থানীয়রা বলছেন, “এভাবে জোড়াতালি দিয়ে একটি প্রশাসনিক কাঠামো বেশিদিন দক্ষতার সাথে চলতে পারে না। দ্রুততম সময়ে শূন্য পদগুলোতে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং আটকে থাকা পদোন্নতি ত্বরান্বিত করাই এই সংকট সমাধানের একমাত্র পথ বলেও মনে করছেন স্থানীয়রা।”
