৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেলো নাছিমা কাদির মোল্লা স্কুলে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম
ছবি : সংগৃহীত
এসএসসি পরীক্ষায় এবারও তাক লাগানো ফলাফল করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। প্রতিষ্ঠানটি থেকে এবার ৩৮২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। একই সঙ্গে শতভাগ পাসের সাফল্যও অর্জন করেছে বিদ্যালয়টি।
সোমবার সকালে এসএসসির ফল প্রকাশের পর থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা নেচে-গেয়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে সাফল্য উদ্যাপন করেন। অনেক অভিভাবক শিক্ষার্থীদের জন্য মিষ্টিও নিয়ে আসেন।
বিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের প্রত্যেকেই জিপিএ-৫ অর্জন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, সার্বিক ফলাফল বিশ্লেষণ করলে তাদের প্রতিষ্ঠান দেশসেরা অবস্থানে রয়েছে। চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সময়োপযোগী দিকনির্দেশনা, শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা এবং কঠোর পরিশ্রমের কারণেই এই সাফল্য এসেছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, নিয়মিত ক্লাসের পাশাপাশি বিশেষ ক্লাস, গাইড শিক্ষকদের মাধ্যমে হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষা শিক্ষার্থীদের ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একাডেমিক ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানটি ভালো অবস্থান ধরে রাখতে চায়।
আরও পড়ুন : যে সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে একাদশে ভর্তি
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মিলয় দেবনাথ বলেন, তিনি ও তার সব বন্ধুই জিপিএ-৫ পেয়েছেন। এ সাফল্যে সবাই আনন্দিত। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই পিইসি, জেএসসি ও এসএসসিতে ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস।
গত বছর প্রতিষ্ঠানটির ৩২০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছিল। এর আগেও বিভিন্ন বছরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলে এবারও শতভাগ জিপিএ-৫ পাওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সাফল্যের ধারাবাহিকতা আরও শক্তিশালী হলো।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, নরসিংদীর মতো মফস্সল শহরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই তিনি ও তার স্ত্রী নাছিমা বেগম প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। শিক্ষার্থীদের সুশিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য।
তিনি এবারের ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান।
২০০৮ সালে নরসিংদী শহরের ভেলানগর এলাকায় প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৫ হাজার ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। ১৭৪ জন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
