×

খেলা

গোল উৎসবে ইউরোর প্রস্তুতি সারল স্পেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৯:৩৮ এএম

গোল উৎসবে ইউরোর প্রস্তুতি সারল স্পেন

গোল উৎসবে ইউরোর প্রস্তুতি সারল স্পেন। ছবি: সংগৃহীত

ম্যাচ শুরু হতেই নিজেদের জাল থেকে বল কুড়িয়ে আনতে হলো। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে অবশ্য একদমই বিলম্ব করল না স্পেন। প্রতিপক্ষের জালে প্রথমার্ধেই ৪ বার বল পাঠিয়ে নিয়ন্ত্রণ নিল ম্যাচের। বাকি সময়েও চাপ ধরে রেখে, নর্দার্ন আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে ইউরোর অভিযানে নামার আগে আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে নিল লুইস দে লা ফুয়েন্তের দল।

ঘরের মাঠে শনিবার রাতে শেষ প্রস্তুতি ম্যাচে পেদ্রির জোড়া গোলে ৫-১ ব্যবধানে জিতেছে স্পেন। বাকি ৩ গোলদাতা আলভারো মোরাতা, ফাবিয়ান রুইস ও মিকেল ওইয়ারসাবাল।

ইউরোর আগের দুই প্রস্তুতি ম্যাচের প্রতিটিতে ৫টি করে গোল করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গত সপ্তাহে অ্যান্ডোরাকে ৫-০ গোলে হারিয়েছিল ৩ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথম মিনিটেই পাওয়া কর্নার থেকে এগিয়ে যায় সফরকারীরা, হেডে গোলটি করেন ড্যানিয়েল ব্যালার্ড। এই ধাক্কা সামলে উঠতে অবশ্য মোটেও বেগ পেতে হয়নি স্পেনকে। আক্রমণের ঝড় তুলে আধা ঘণ্টার মধ্যে প্রতিপক্ষের জালে ৩ বার বল পাঠায় তারা।

গোল উৎসবে ইউরোর প্রস্তুতি সারল স্পেন। ছবি: সংগৃহীত

দ্বাদশ মিনিটে ডি-বক্সের অনেক বাইরে থেকে আচমকা শটে সমতা টানেন পেদ্রি। ৬ মিনিট পর ডান দিক থেকে হেসুস নাভাসের বাড়ানো দারুণ ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন মোরাতা। আর ২৯তম মিনিটে সতীর্থের কাটব্যাক পেয়ে প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি।

খানিক পর ব্যবধান আরো বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্প্যানিশরা। খুব কাছ থেকে চতুর্থ গোলটি করেন রুইস।

আরো পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

৫৩তম মিনিটে মোরাতার বদলি হিসেবে নামার ৭ মিনিটের মধ্যে জালের দেখা পান ওইয়ারসাবাল। গত সপ্তাহে অ্যান্ডোরার বিপক্ষে বিরতির পর বদলি নেমেই হ্যাট্রিক করেছিলেন রেয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড।

পুরো ম্যাচে ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৯টি শট নেয় স্পেন, লক্ষ্যে থাকে ৮টি। আরো কয়েকটি পরিষ্কার সুযোগ নষ্ট না হলে ব্যবধান বাড়তে পারতো আরো।

স্কোরলাইন আরো বড় করতে না পারলেও ৩ দিনের ব্যবধানে দুই ম্যাচে ১০ গোল করা, বিপরীতে মাত্র ১টি হজম; ইউরোর আগে নিশ্চিতভাবেই প্রস্তুতিটা দুর্দান্ত হলো সর্বশেষ ২০১২ আসরের চ্যাম্পিয়নদের।

জার্মানিতে অনুষ্ঠেয় এবারের ইউরো শুরু হবে আগামী ১৪ জুন। কঠিন গ্রুপে পড়েছে স্পেন। আগামী শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে তাদের। ‘বি’ গ্রুপের অন্য দুই দল গতবারের চ্যাম্পিয়ন ইতালি ও আলবেনিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবিরের বৈঠক, সহাবস্থানে ঐকমত্য

ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবিরের বৈঠক, সহাবস্থানে ঐকমত্য

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

এসএসসি ও সমমানের ফলাফল নিয়ে আজহারির স্ট্যাটাস

এসএসসি ও সমমানের ফলাফল নিয়ে আজহারির স্ট্যাটাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App