হার দিয়ে আসর শুরু ঢাকার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পিএম
ছবি: সংগৃহীত
হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়াম লিগের (বিপিএল) একাদশ আসর শুরু করলো ঢাকা ক্যাপিটালস। রংপুরের বিপক্ষে ৪০ রানে হেরেছে লিটন-তামিমরা। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ১৫১ রানে অলআউট হয় রাজধানীর দলটি।
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুরে ঢাকাকে ১৯২ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাবে ১৫১ রানের বেশি তুলতে পারে রাজধানীর দলটি।
লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন লিটন ও ততামিম। তাদের জুটিতে পাওয়ার প্লেতে ৫৮ রান তুলে ঢাকা। কিন্তু অষ্টম ওভারে মাহেদীর বলে ক্যাচ দিয়ে ২১ বলে ৩০ রান করে ফেরেন তামিম।
এরপর ক্রিজে এসেই ওভার বাউন্ডারি হাকিয়ে চমক দেখান হাবিবুর রহমান সোহান। কিন্তু পরের বলেই ক্যাচ হয়ে ফেরেন এই তরুণ ব্যাটার।
এরপর লিটনকে (৩১) এবং ফারমানউল্লাহকে (১) সাজঘরে ফেরান তিনি। এতে দলীয় ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ঢাকা।
ষষ্ঠ উইকেটে ৮ বলে ১৭ রান করে অধিনায়ক পেরেরা ফিরলে ম্যাচ থেকেই ছিটকে যায় ঢাকা। এরপর আলাউদ্দিন বাবু (১), আমির হামজা (০) এবং স্টিফেন এসকেনজি ১৭ রান প্যাভিলিয়নে ফিরলে পরাজয়ের প্রহর গুনতে থাকে ঢাকা।
শেষ দিকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন মুকিদুল ও নাজমুল। কিন্তু পরাজয় এড়ানো যায়নি।
রংপুরের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মাহেদী। এ ছাড়া খুশদিল শাহ দুটি, মোহাম্মদ সাইফউদ্দিন, রাকিবুল হাসান, কামরুল ইসলাম একটি করে উইকেট নেন।
এর আগে, শুরুর ধাক্কা সামলে দুই পাকিস্তানি মোহাম্মদ ইফতেখার ও খুশদীল শাহ এবং বাংলাদেশের সাইফ হাসান ও নুরুল হাসানের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রানের পুঁজি পেয়েছিল রংপুর।
