টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৪:২৩ পিএম
ছবি- সংগৃহীত
আইসিসির সর্বশেষ টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি তালিকার এক নম্বরে আছেন। অন্যদিকে, বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৭০৪ পয়েন্ট নিয়ে আছেন ১৩তম স্থানে। দেশের বোলারদের মধ্যে বর্তমানে এটিই সেরা অবস্থান।
গতকাল বুধবার (১৩ মে) র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বোলারদের তালিকায় বড় পরিবর্তন এসেছে পরের স্থানগুলোতে। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এক লাফে উঠে এসেছেন তৃতীয় স্থানে। আর চার নম্বরে আছেন প্যাট কামিন্স।
ব্যাটারদের তালিকায় ৮৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁরই সতীর্থ হ্যারি ব্রুক। পরের দুটি স্থানে আছেন যথাক্রমে দুই অস্ট্রেলিয়ান ব্যাটার ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথ।
ভারতের দুই তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল ও শুভমান গিল সেরা দশে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। জয়সোয়াল আছেন অষ্টম স্থানে। অন্যদিকে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন গিল।
