বুমরাহকে ছাড়াই আফগান সিরিজের দল ঘোষণা ভারতের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:৫৫ পিএম
জাসপ্রিত বুমরাহ। ছবি- সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উন্মাদনা শেষ হওয়ার আগেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ভারত। দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। তবে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে।
গত বছরের নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। এরপর এটিই তাদের প্রথম টেস্ট ম্যাচ। বুমরাহ ছাড়াও সবশেষ টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও আকাশ দীপ।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন দুই বাঁহাতি স্পিনার মানব সুথার ও হার্ষ দুবে। এ ছাড়া পেস আক্রমণে নতুন মুখ ডানহাতি পেসার গুরনুর ব্রার।
টেস্ট ইতিহাসে ভারত ও আফগানিস্তান এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল। ২০১৮ সালে বেঙ্গালুরুর সেই ঐতিহাসিক টেস্টে আফগানদের ইনিংস ও ২৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত। ম্যাচটি শেষ হয়েছিল মাত্র দুই দিনে।
আগামী ৬ থেকে ১০ জুন নিউ চণ্ডীগড়ে দুই দল নিজেদের ইতিহাসের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে। এরপর ১৪, ১৭ ও ২০ জুন যথাক্রমে ধর্মশালা, লখনউ ও চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। ওয়ানডে দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। এই সিরিজে খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলিও।
টেস্ট স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), জশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পান্ত, দেবদূত পাড্ডিকেল, নিতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মানব সুথার, গুরনুর ব্রার, হার্শ দুবে ও ধ্রুব জুরেল।
ওয়ানডে স্কোয়াড:
শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনুর ব্রার ও হার্শ দুবে।
