×

খেলা

ইবোলার কারণে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:২৩ পিএম

ইবোলার কারণে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

কঙ্গো ফুটবল দল। ছবি- সংগৃহীত

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপের তিন দিনের প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে কঙ্গো। একই সঙ্গে দেশটির রাজধানী কিনশাসায় সমর্থকদের উপস্থিতিতে পূর্বনির্ধারিত বিদায়ী অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে। কঙ্গোর পূর্বাঞ্চলে বিরল ‘বান্ডিবুগিও’ ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে।

এই ভাইরাসে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ৬০০ জন আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতিমধ্যে একে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

তবে দেশের ভেতরের ক্যাম্প বাতিল হলেও বিশ্বকাপের আগের দুটি প্রস্তুতি ম্যাচ যথাসময়েই অনুষ্ঠিত হবে। আগামী ৩ জুন বেলজিয়ামের লিয়েজে ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনে চিলির বিপক্ষে মাঠে নামবে কঙ্গো।

দলের মুখপাত্র জেরি কালেমো বলেন,‘আমাদের প্রস্তুতির তিনটি ধাপ ছিল। প্রথমে কিনশাসায় সমর্থকদের বিদায় জানানো, এরপর বেলজিয়াম ও স্পেনে দুটি প্রীতি ম্যাচ এবং শেষ ধাপে ১১ জুন থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টনে ক্যাম্প। এর মধ্যে শুধু কিনশাসার পর্বটি বাতিল করা হয়েছে।’

কঙ্গো দলের অধিকাংশ ফুটবলার ও ফরাসি কোচ সেবাস্তিয়াঁ দেসাব্রে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দলের বেশির ভাগ খেলোয়াড়ই খেলেন ফ্রান্সের বিভিন্ন ক্লাবে।

এদিকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কঙ্গো ফুটবল ফেডারেশন যাতে প্রয়োজনীয় স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশনা পায়, সে জন্য তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আসা বিদেশি নাগরিকদের ওপর ৩০ দিনের প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হবে যদি তারা গত তিন সপ্তাহে ওই দেশগুলোতে অবস্থান করে থাকেন।

তবে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, কঙ্গো বিশ্বকাপ দল এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। কারণ, খেলোয়াড়েরা গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপে অবস্থান করছেন। তবে যেসব কর্মকর্তা সম্প্রতি কঙ্গো সফর করেছেন, তাদের ক্ষেত্রে কোয়ারেন্টিনের নিয়ম প্রযোজ্য হতে পারে। অবশ্য কঙ্গোর সাধারণ সমর্থকদের ক্ষেত্রে এই ছাড় মিলবে না।

বিশ্বকাপে ‘কে’ গ্রুপে থাকা কঙ্গো আগামী ১৭ জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন গুয়াদালাহারায় কলম্বিয়া এবং ২৭ জুন আটলান্টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।

১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কঙ্গো। তখন দেশটি ‘জায়ার’ নামে পরিচিত ছিল। দীর্ঘ সংঘাত ও সংকটে জর্জরিত দেশটিতে এই বিশ্বকাপ ফুটবল দলের যোগ্যতা অর্জন দেশজুড়ে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইবোলার কারণে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

ইবোলার কারণে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’

আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দলে থাকতে পারে যে দুই চমক

আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দলে থাকতে পারে যে দুই চমক

৩০ গ্রামের জন্য ৩ ডিলার, টিসিবি পণ্য নিতে চরম ভোগান্তি

৩০ গ্রামের জন্য ৩ ডিলার, টিসিবি পণ্য নিতে চরম ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App