সিলেট বোর্ডে এইচএসসিতে অংশ নিচ্ছেন ৭২ হাজার ৭৪৫ পরীক্ষার্থী
জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত
সারাদেশের মতো সিলেটেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার সিলেট বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
সিলেট শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন। ২০২৩ সালে মোট পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন। যার মধ্যে ছাত্র ২৭ হাজার ৭৬৪ জন এবং ছাত্রী ছিলেন ৪১ হাজার ৪০৮ জন।
বরাবরের মতোই এবারও সিলেটে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা অনেক বেশি। বোর্ডের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪৩ হাজার ৫২৮ জন। অন্যদিকে ছাত্র পরীক্ষার্থী রয়েছেন ২৯ হাজার ২১৭ জন। অর্থাৎ ছাত্রদের চেয়ে ১৪ হাজার ৩১১ জন বেশি ছাত্রী এবার পরীক্ষায় বসছেন।
শিক্ষা বোর্ড জানিয়েছে, চলতি বছর মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৫৪০ জন। বাকি ২০ হাজার ২০৫ জন পরীক্ষার্থী অনিয়মিত, মানোন্নয়ন (ইম্প্রুভমেন্ট) ও প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
সিলেট বিভাগের চার জেলা: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের মোট ৯৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বোর্ড কর্তৃপক্ষের বিশেষ ভিজিল্যান্স টিম মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানা গেছে
