আগামী বছরের মধ্যেই সব রাস্তা ভালো হয়ে যাবে: আরিফুল হক চৌধুরী
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:১২ পিএম
ছবি : ভোরের কাগজ
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী বছরের মধ্যেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার সব সড়কের সংস্কার ও নির্মাণকাজ শেষ করে চলাচলের উপযোগী করা হবে। কোনো সড়ক আর ভাঙাচোরা অবস্থায় থাকবে না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সড়কের চলমান কাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, গোয়াইনঘাটের সব সড়ককে পর্যায়ক্রমে আরসিসি ঢালাইয়ের আওতায় আনা হবে। দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন সড়কের নির্মাণ ও সংস্কারকাজ শেষ করে সেগুলো জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে।
তিনি বলেন, সড়কগুলোর উন্নয়নকাজে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। কাজের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
এ সময় উপজেলা প্রকৌশলীকে আগামী এক মাসের মধ্যে চলমান সড়ক উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে আপডেট দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোম্পানীগঞ্জ হয়ে দুপুর ১২টার দিকে গোয়াইনঘাটে পৌঁছান মন্ত্রী। এ সময় তিনি সালুটিকর-বঙ্গবীর সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন। পাশাপাশি গুরুকচি-বঙ্গবীর সড়কের সংস্কারকাজের উদ্বোধন, গুরুকচি বাজার উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং সোনারহাট-পিরিজপুর সড়কের সংস্কারকাজের অগ্রগতি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী, থানার অফিসার ইনচার্জ ওমর ফারুকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
