হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম
প্রতীকী ছবি
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উদ্বেগ কাটছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ জনে।
একই সময়ে নতুন করে ১৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬৩২ জন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মৃত দুই শিশু হলো সিলেট সদরের ৪ মাস বয়সী আদিয়ান এবং হবিগঞ্জ সদরের ১০ মাস বয়সী ইয়াসিন। আদিয়ান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ইয়াসিন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুজনকেই সম্প্রতি হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৭৫ জনের মৃত্যুর মধ্যে ১০ জনের হাম নিশ্চিত হয়েছিল। বাকি ১৬৫ জন মারা গেছেন হাম-সদৃশ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।
এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছিল ১৭৩ জন। ওই ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয় এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৬০০ জন। একদিনের ব্যবধানে নতুন করে আরও দুই শিশুর মৃত্যু এবং ১৫৫ জনের ভর্তি হওয়ার তথ্য এসেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগের তথ্যের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।
চিকিৎসকদের ভাষ্য, হাম-উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের অনেকেরই টিকা নেওয়া ছিল না। পাশাপাশি পুষ্টিহীনতা, নিউমোনিয়া, হৃদরোগ, জন্ডিসসহ বিভিন্ন শারীরিক জটিলতাও তাদের গুরুতর অবস্থার অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে। হাম প্রতিরোধে টিকাদানের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। তবে একের পর এক শিশুর মৃত্যু এবং প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সিলেটের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।
