দেম্বেলের দ্রুততম হ্যাটট্রিক
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপের শুরুটা ছিল একেবারেই বিবর্ণ। প্রথম ১২ ম্যাচে গোলশূন্য, বড় আসরে নিষ্প্রভ পারফরম্যান্স আর সমালোচনার ভার- সব মিলিয়ে উসমান দেম্বেলেকে নিয়ে প্রশ্ন ছিল কম নয়। কিন্তু মাত্র দুই ম্যাচেই সেই চিত্র পুরো বদলে দিলেন ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। ইরাকের বিপক্ষে গোল করে খরা ভাঙার পর এবার নরওয়ের জালে ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে গত ৭২ বছরের দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন তিনি।
বোস্টনে গ্রুপপর্বের শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপ্পের দল। নরওয়ে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে।
ম্যাচের শুরু থেকেই ছিল ফ্রান্সের দাপট। প্রথম মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন এমবাপ্পে। তার শট ক্রসবারে লেগে ফিরে এলেও সপ্তম মিনিটে আর ভুল করেননি দেম্বেলে। মাঝমাঠ থেকে এমবাপ্পের বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে জোরালো শটে দলকে এগিয়ে দেন তিনি।
২০তম মিনিটে আবারো এমবাপ্পের পাস থেকে বক্সের বাইরে বাঁ পায়ের নিখুঁত শটে ব্যবধান ২-০ করেন দেম্বেলে। এক মিনিট পর থেলো আসগার্ড নরওয়ের হয়ে একটি গোল শোধ করলেও ৩২তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের আরেকটি দুর্দান্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি ফরোয়ার্ড। যোগ করা সময়ে দেজিরে দুয়ে ফ্রান্সের চতুর্থ গোলটি করেন।
দেম্বেলের তিনটি গোলই ছিল তিন রকমের। প্রথমটি ছিল স্ট্রাইকারসুলভ ফিনিশিং, দ্বিতীয়টি দূরপাল্লার বাঁকানো শট, আর তৃতীয়টি ডিফেন্ডারদের কাটিয়ে নিখুঁত সমাপ্তি। ডান প্রান্তে খেললেও বাঁ পায়ের অসাধারণ নিয়ন্ত্রণ, গতি, ড্রিবলিং ও জায়গা তৈরি করার দক্ষতা নরওয়ের রক্ষণকে বারবার বিপর্যস্ত করেছে। ম্যাচে গোল না পেলেও দেম্বেলের প্রথম দুই গোলেই অ্যাসিস্ট করেন এমবাপ্পে।
বিশ্বকাপে ম্যাচের শুরু থেকে মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে দেম্বেলে জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়। ১৯৫৪ সালে অস্ট্রিয়ার এরিখ প্রোবস্ট চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। এরপর আর কেউ এত দ্রুত ম্যাচের শুরু থেকে তিন গোল করতে পারেননি। ফলে গত ৭২ বছরের মধ্যে এটিই দ্রুততম হ্যাটট্রিক। ১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের প্রথমার্ধেই কোনো ফুটবলার হ্যাটট্রিক করলেন।
ফ্রান্সের হয়েও এটি বিশেষ একটি অর্জন। বিশ্বকাপে ফরাসি ফুটবলারদের মধ্যে এর আগে হ্যাটট্রিক করেছিলেন জুস্ত ফঁতেন ও কিলিয়ান এমবাপ্পে। দেম্বেলে হলেন তৃতীয় ফুটবলার, যিনি এই কীর্তি গড়লেন। চলতি বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিকও। এর আগে আর্জেন্টিনার লিওনেল মেসি এবং কানাডার জনাথন ডেভিড তিন গোল করেছিলেন।
