শেষ বিশ্বকাপে মেসির রাজত্ব
তাহসিনুল বাকী ফাহিম
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:৩২ পিএম
ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। তবে বয়স ৩৯ হলেও মাঠের পারফরম্যান্সে তার ছাপ একটুও ম্লান হয়নি। বরং ২০২৬ বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে আবারও আলোচনার কেন্দ্রে আর্জেন্টাইন অধিনায়ক।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলেই শতভাগ জয় নিয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। এই সাফল্যের নেপথ্যে সবচেয়ে বড় অবদান রেখেছেন মেসি। তিন ম্যাচ শেষে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬, যা চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন এক গোল করেন তিনি। সেই গোলের মাধ্যমে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার নতুন বিশ্বরেকর্ডও গড়েন এই আর্জেন্টাইন তারকা।
এর আগে ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি জাইরজিনিও টানা ছয় ম্যাচে গোল করে রেকর্ড গড়েছিলেন। মেসি সেই রেকর্ড ভেঙে এখন এককভাবে ইতিহাসের মালিক।
আরো পড়ুন : জর্ডানকে হারিয়ে গ্রুপপর্বে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও এখন মেসির দখলে। পাশাপাশি বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯। একাধিক বিশ্বকাপে গোল ও অ্যাসিস্ট করার পাশাপাশি একাধিক আসরে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার কীর্তিও রয়েছে তার ঝুলিতে।
২০২২ সালে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের পর এবার শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আবারও নিজেদের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ব্যক্তিগত অর্জনের দিক থেকেও দারুণ অবস্থানে রয়েছেন মেসি। ৬ গোল নিয়ে তিনি গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে। একই সঙ্গে আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত এগিয়ে নিতে পারলে গোল্ডেন বল জয়ের সম্ভাবনাও উজ্জ্বল থাকবে তার সামনে। শেষ বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি এখন শুধু শিরোপার লড়াইয়ে নন, ইতিহাসকে আরো সমৃদ্ধ করার মিশনেও রয়েছেন।
