×

প্রথম পাতা

ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুলাই দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনার

Icon

মুহাম্মদ রুহুল আমিন

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইতিহাস গড়ল কেপ ভার্দে

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে চমকের গল্প নতুন নয়। তবে এবারের আসরে সবচেয়ে বড় বিস্ময়ের নাম নিঃসন্দেহে কেপ ভার্দে। মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের ছোট্ট আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে এসেই জায়গা করে নিয়েছে দ্বিতীয় রাউন্ডে। আরো বড় বিষয়, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং শক্তিশালী সৌদি আরবের মতো তিন প্রতিপক্ষের বিপক্ষে একটিও ম্যাচ না হেরে এই কীর্তি গড়েছে তারা। বিশ্বকাপের ইতিহাসে জনসংখ্যার বিচারে নকআউট পর্বে ওঠা সবচেয়ে ছোট দেশও এখন কেপ ভার্দে।

গতকাল শনিবার হিউস্টনে গ্রুপ ‘এইচ’ এর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। একইসময়ে স্পেন ১-০ গোলে উরুগুয়েকে হারানোয় সব সমীকরণ মিলে যায় তাদের পক্ষে। তিন ম্যাচে তিন ড্র ও তিন পয়েন্ট নিয়ে স্পেনের পর গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে ‘ব্লু শার্কস’রা। কোনো ম্যাচ না জিতেও নকআউটে ওঠার বিরল কীর্তিও গড়ে দলটি। অভিষেক বিশ্বকাপেই কেপ ভার্দের এই যাত্রা ছিল আত্মবিশ্বাসে ভরপুর। প্রথম ম্যাচেই ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় তারা। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ সমতায় ফেরে। শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও রক্ষণভাগে দুর্দান্ত শৃঙ্খলা ধরে রেখে প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নেয়। তিন ম্যাচে মাত্র দুটি গোল হজম করে তারা দেখিয়ে দিয়েছে, আধুনিক ফুটবলে তারকাবহুল দল নয়, সংগঠিত ফুটবলও বড় পার্থক্য গড়ে দিতে পারে।

বিশ্বকাপে কোনো জয় ছাড়াই নকআউটে ওঠার ঘটনা অত্যন্ত বিরল। ১৯৫৮ সালে ওয়েলস, ১৯৯০ সালে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস এবং ১৯৯৮ সালে চিলি একইভাবে তিনটি ড্র করে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। প্রায় তিন দশক পর সেই তালিকায় যুক্ত হলো কেপ ভার্দের নাম। তবে জনসংখ্যার বিচারে তাদের কীর্তি আরো ব্যতিক্রমী। এত ছোট জনসংখ্যার কোনো দেশ এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছাতে পারেনি।

ফুটবল পরাশক্তিদের সঙ্গে তুলনা করলে কেপ ভার্দের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সীমিত জনসংখ্যা, সীমিত অবকাঠামো এবং আন্তর্জাতিক ফুটবলে অল্প অভিজ্ঞতা নিয়েই তারা বিশ্বকাপে এসেছে। অনেক খেলোয়াড় ইউরোপের ছোট ছোট লিগে খেলেন, আবার কয়েকজন দেশের বাইরে বেড়ে ওঠা প্রবাসী ফুটবলার। তবু দলগত শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং রক্ষণভিত্তিক পরিকল্পনার মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে, অর্থ কিংবা তারকার ঝলকই সবকিছু নয়। বিশ্বকাপের ইতিহাসে ছোট দেশগুলোর চমকের তালিকায় কেপ ভার্দের নাম এখন বিশেষভাবে উচ্চারিত হবে। অতীতে ক্যামেরুন, সেনেগাল, কোস্টারিকা কিংবা মরক্কো নিজেদের সামর্থ্যরে বাইরে গিয়ে আলোড়ন তুলেছিল। সেই ধারাবাহিকতায় কেপ ভার্দে নতুন সংযোজন। তবে তাদের সাফল্যের বিশেষত্ব হলো- এটি এসেছে অভিষেক বিশ্বকাপেই। প্রথমবার খেলতে এসেই দ্বিতীয় রাউন্ডে ওঠা যেকোনো দেশের জন্যই বিরল অর্জন।

কেপ ভার্দের এই সাফল্যের আরেকটি দিকও তাৎপর্যপূর্ণ। যে সৌদি আরব ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলে সবচেয়ে বড় অঘটনগুলোর একটি উপহার দিয়েছিল, সেই সৌদি আরবো এবার কেপ ভার্দের রক্ষণ ভাঙতে পারেনি। স্পেন ও উরুগুয়ের মতো ঐতিহ্যবাহী দলও তাদের হারাতে ব্যর্থ হয়েছে। ফলে কেপ ভার্দের অগ্রযাত্রাকে ভাগ্যের সহায়তা বলে উড়িয়ে দেয়ার সুযোগ নেই; এটি ধারাবাহিক ও পরিকল্পিত পারফরম্যান্সেরই ফল।

এবার সেই কেপ ভার্দের সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। আগামী ৪ জুলাই দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দলও দুর্দান্ত ছন্দে রয়েছে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুই ম্যাচে দলের পাঁচ গোলই করেছেন মেসি। গ্রুপপর্বের শেষ ম্যাচে রবিবারের জর্ডানের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

কাগজে-কলমে শক্তির বিচারে আর্জেন্টিনাই পরিষ্কার ফেবারিট। বিশ্বচ্যাম্পিয়ন দলটির আক্রমণে আছেন মেসির মতো তারকা, যিনি ইতোমধ্যে পাঁচ গোল করে দারুণ ছন্দে রয়েছেন। অন্যদিকে কেপ ভার্দের সবচেয়ে বড় শক্তি তাদের রক্ষণভাগ, দলগত সমন্বয় এবং প্রতিপক্ষকে হতাশ করে দেয়ার মানসিকতা। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে সেই কৌশল সফল হয়েছে। তাই আর্জেন্টিনার জন্যও ম্যাচটি সহজ হবে- এমন নিশ্চয়তা নেই।

বিশ্বকাপের প্রতিটি আসরই নতুন কোনো গল্পের জন্ম দেয়। এবারের বিশ্বকাপে সেই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে কেপ ভার্দে। ফল যাই হোক, অভিষেক বিশ্বকাপেই তারা প্রমাণ করেছে, ফুটবলে ইতিহাস গড়তে শুধু বড় নাম নয়, প্রয়োজন সাহস, শৃঙ্খলা ও বিশ্বাস। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে সেই রূপকথা আরো দীর্ঘ হয় কিনা, এখন সেটিই দেখার অপেক্ষা ফুটবল বিশ্বের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পারসোকে আধুনিক-যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

স্পারসোকে আধুনিক-যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

মধ্যপ্রাচ্যের ৮ মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

মধ্যপ্রাচ্যের ৮ মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

গণপিটুনির শিকার যুবক, পুলিশ হেফাজতে মৃত্যু

গণপিটুনির শিকার যুবক, পুলিশ হেফাজতে মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App