×

প্রথম পাতা

রোনালদোর রেকর্ড গড়া রাতে পর্তুগালের জয়, সামনে স্পেন

Icon

মুহাম্মদ রুহুল আমিন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রোনালদোর রেকর্ড গড়া রাতে পর্তুগালের জয়, সামনে স্পেন

বিশ্বকাপের নকআউট ফুটবল মানেই ভুলের সুযোগ নেই, নাটকীয়তার শেষ নেই। টরন্টোর রুদ্ধশ্বাস রাতে সেই নাটকেরই এক অনন্য অধ্যায় লিখল পর্তুগাল। একদিকে ক্রিস্তিয়ানো রোনালদোর ক্যারিয়ারের আরেকটি ঐতিহাসিক মাইলফলক, অন্যদিকে লুকা মদরিচের বিশ্বকাপ স্বপ্নের সম্ভাব্য শেষ অধ্যায়। এর সঙ্গে যোগ হলো প্রযুক্তির নিখুঁত সিদ্ধান্ত, যোগ করা সময়ের রুদ্ধশ্বাস উত্তেজনা এবং প্রয়াত দিয়োগো জোতার স্মৃতিতে আবেগঘন উদযাপন। সব মিলিয়ে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি হয়ে উঠেছে পর্তুগাল-ক্রোয়েশিয়া লড়াই।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫ টায় শেষ বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে রবার্তো মার্তিনেসের দল। গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও বদলি নেমে গনসালো রামোস। ক্রোয়েশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ইভান পেরিসিচ। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল যোগ করা সময়ের শেষ দিকে ক্রোয়েশিয়ার সমতাসূচক গোল বাতিল হওয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের লাগাম ছিল পর্তুগালের হাতে। চতুর্থ মিনিটেই ব্রুনো ফের্নান্দেসকে দুর্দান্ত সেভে হতাশ করেন দমিনিক লিভাকোভিচ। এরপর রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, ভিতিনিয়া ও রোনালদো বারবার ক্রোয়েশিয়ার রক্ষণে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা মেলেনি। প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ বলের দখল, একের পর এক আক্রমণ এবং একাধিক সুযোগ তৈরি করেও গোলশূন্য বিরতিতে যেতে হয় পর্তুগালকে। দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। ৫৩ মিনিটে ইয়োসিপ স্তানিসিচের নিখুঁত ক্রস থেকে ইভান পেরিসিচ গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন। হঠাৎ করেই চাপে পড়ে যায় পর্তুগাল। এর কিছুক্ষণ পর রোনালদো বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। কিন্তু সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৬৮ মিনিটে ভিডিও সহকারী রেফারির সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে নির্ভুল শটে সমতা ফেরান রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে এটি ছিল তার প্রথম নকআউট গোল। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা এই মহাতারকা ৪১ বছর ১৪৭ দিন বয়সে গোল করে নকআউট পর্বের সবচেয়ে বেশি বয়সী গোলদাতার নতুন কীর্তিও গড়েন। দীর্ঘদিনের একটি আক্ষেপও সেদিন মুছে যায় তার। সমতায় ফেরার পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। দিয়োগো কস্তার কয়েকটি গুরুত্বপূর্ণ সেভে টিকে থাকে পর্তুগাল। পাল্টা আক্রমণে কয়েকবার সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি রোনালদোর সতীর্থরা। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও উত্তেজনা তখনো বাকি।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রাফায়েল লেয়াওয়ের দারুণ ক্রসে গনসালো রামোসের শক্তিশালী হেডে এগিয়ে যায় পর্তুগাল। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। কিন্তু যোগ করা সময় ১০ মিনিট পেরিয়ে ১৩ মিনিটে ক্রোয়েশিয়া বল জালে পাঠালে পুরো স্টেডিয়াম নতুন নাটকের সাক্ষী হয়।

ইয়োশকো গাভার্দিওলের শটে গোল হওয়ার পর ক্রোয়েশিয়ার খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে ভেসে যায় মাঠ। কিন্তু ভিডিও সহকারী রেফারির দীর্ঘ পর্যালোচনার পর দেখা যায়, আক্রমণের শুরুতে মারিও পাশালিচ অফসাইডে ছিলেন। গোল বাতিলের সিদ্ধান্ত জানাতেই মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। উল্লাস থেমে যায় ক্রোয়েশিয়া শিবিরে, আর স্বস্তির নিঃশ্বাস ফেলে পর্তুগাল। এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশ্বকাপের অফিসিয়াল বলের ভেতরে থাকা বিশেষ সেন্সর প্রযুক্তি। বলে কখন স্পর্শ লেগেছে, সেই নির্ভুল সময় শনাক্ত করে প্রযুক্তিটি। স্টেডিয়ামের ক্যামেরার তথ্যের সঙ্গে সেই ডেটা মিলিয়েই অফসাইড নিশ্চিত করা হয়। একই ম্যাচে এই প্রযুক্তির কারণে রোনালদোর একটি গোলও বাতিল হয়েছিল। আবার শেষ মুহূর্তে সেই প্রযুক্তিই পর্তুগালকে রক্ষা করে।

ম্যাচটি ছিল আরো একটি আবেগের গল্প। ঠিক এক বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পর্তুগালের ফরোয়ার্ড দিয়োগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকীতে মাঠে নেমেছিল দলটি। জাতীয় সংগীতের সময় বড় পর্দায় ভেসে ওঠে জোতার ছবি। ম্যাচ শেষে তার ২১ নম্বর জার্সি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে শ্রদ্ধা জানান রোনালদো। সতীর্থ ও কোচও সেই মুহূর্তে তার পাশে দাঁড়ান। রোনালদো বলেন, এই জয় জোতার জন্য, তাকে সম্মান জানানোর এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না।

এই ম্যাচে আরেকটি অধ্যায়ের সমাপ্তিও যেন দেখা গেল। রিয়াল মাদ্রিদে একসময় একসঙ্গে অসংখ্য শিরোপা জেতা রোনালদো ও লুকা মদরিচ এবার বিশ্বকাপের নকআউটে মুখোমুখি হন। একজনের যাত্রা চলল, অন্যজনের বিশ্বকাপ অধ্যায় শেষ হওয়ার বেদনা সঙ্গী হলো। ৪০ বছর বয়সী মদরিচের চোখে হতাশা ছিল, আর রোনালদোর চোখে ছিল নতুন স্বপ্নের ঝিলিক।

এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করল পর্তুগাল। সামনে অপেক্ষা করছে বর্তমান ইউরোপ সেরা স্পেন। সাম্প্রতিক সময়ের সবচেয়ে ছন্দে থাকা দুই দলের এই লড়াই এখন বিশ্বকাপের অন্যতম আকর্ষণ। রোনালদোর অভিজ্ঞতা, ব্রুনো ফের্নান্দেস ও লেয়াওয়ের সৃজনশীলতা যেমন পর্তুগালের ভরসা, তেমনি লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল ও উনাই সিমোনকে নিয়ে দুর্দান্ত ছন্দে আছে স্পেন। টরন্টোর নাটকীয় জয় তাই শুধু পর্তুগালকে শেষ ষোলোয় তোলেনি, বিশ্বকাপকে উপহার দিয়েছে আরেকটি বহুল প্রতীক্ষিত মহারণের মঞ্চও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

বিশেষ ব্যবস্থায় আজ পরীক্ষা দেবে বগুড়া-নাটোরের ১৮ এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ ব্যবস্থায় আজ পরীক্ষা দেবে বগুড়া-নাটোরের ১৮ এইচএসসি পরীক্ষার্থী

প্রথম ২৪ ঘণ্টা যে কারণে ডেঙ্গুর জন্য খুবই গুরুত্বপূর্ণ

প্রথম ২৪ ঘণ্টা যে কারণে ডেঙ্গুর জন্য খুবই গুরুত্বপূর্ণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App