সৌদি আরবের সঙ্গে কেপ ভার্দে ম্যাচের তুলনা, যা বললেন স্কালোনি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
ছবি : সংগৃহীত
কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের কঠিন লড়াই শেষে জয় তুলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর তার কণ্ঠে ফুটে ওঠে স্বস্তি ও আবেগের মিশেল।
স্কালোনি বলেন, ‘এই দল কখনো হাল ছাড়ে না। আমার ১০০তম ম্যাচে হেরে গেলে সেটা হতো পাগলামি, তবে এটাই ফুটবল।’
তিনি এই ম্যাচটিকে নিজের কোচিং ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ম্যাচ বলেও উল্লেখ করেন। মাঠের পাশে দাঁড়িয়ে স্কালোনি বলেন, ‘এটা ছিল খুবই কঠিন একটা ম্যাচ। সবসময় ইতিবাচক দিকটা বের করে আনতে হয়। এই দল কখনো হাল ছাড়ে না। প্রতিপক্ষকে অভিনন্দন জানাই। আমরা কখনো বলি না কোনো প্রতিপক্ষ সহজ। আজ তারা প্রমাণ করেছে, তারা একটি দুর্দান্ত দল।’
আবেগের বাইরে এসে ম্যাচ বিশ্লেষণে স্কালোনি খেলোয়াড়দের মানসিকতা, অবদান ও প্রতিকূল পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ার প্রশংসা করেন। তিনি বলেন, ‘এটাই আর্জেন্টিনা। যে এটা বোঝে না, তার জন্য বিষয়টা কঠিন। আমরা আর্জেন্টাইনরা এটা বুঝি- এটা মোটেও সহজ নয়।’
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটির বিশেষ গুরুত্ব নিয়ে প্রশ্ন করা হলে স্কালোনি স্বীকার করেন, এমন একটি প্রতীকী মাইলফলকে বিদায় নেওয়ার সম্ভাবনা তার জন্য অত্যন্ত কষ্টের হতো। এমনকি তিনি সেটিকে ‘পাগলামি’ বলেও উল্লেখ করেন।
ম্যাচ বিশ্লেষণে তিনি বলেন, ‘আমাকে বলা হচ্ছিল আমরা সহজ পথেই এগোচ্ছি। এখন সবাই বুঝতে পারছে, কোনো ম্যাচই সহজ নয়। আমরা জানতাম এটা কঠিন হবে। অনেক কষ্ট হয়েছে। আমাদেরই জেতা উচিত ছিল, কিন্তু প্রতিপক্ষ আমাদের জন্য কাজটা কঠিন করে তুলেছিল। নেতিবাচক দিকগুলো নিয়ে ছেলেদের সঙ্গে কথা বলব, তবে ইতিবাচক দিকও তুলে ধরব। দল শেষ পর্যন্ত প্রতিপক্ষের গোলপোস্টে আক্রমণ চালিয়ে গেছে। ধাক্কা খাওয়ার পরও আমরা জয় নিয়ে ফিরেছি।’
অতিরিক্ত সময়ে খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে স্কালোনি বলেন, ‘এটা অতিরিক্ত সময়ের কারণেই হয়েছে। নব্বই মিনিট পর্যন্ত দল ভালোই খেলেছে। এনসো ফের্নান্দেজের পায়ে ক্র্যাম্প ধরেছিল, কিন্তু আমাদের হাতে আর কোনো বদলি ছিল না। জাতীয় দলের হয়ে খেলাটা হৃদয় দিয়ে হয়, আর সেটাই দমের ঘাটতি পূরণ করে দেয়। দল নিজেদের চরিত্র দেখিয়েছে। যেগুলো ঠিক করার দরকার, সেগুলো আমরা ঠিক করব।’
কেপ ভার্দের গোল প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘এটা ছিল অবিশ্বাস্য একটি গোল। আমরা জানতাম সে ভেতরে ঢুকে ডান পায়ে শট নেয়। কিন্তু জানার পরও যদি সে ওই জায়গা থেকে শট নেয়, সেটা ঠেকানো প্রায় অসম্ভব।’
নিজেকে বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় দেখেছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘আমি একটু সন্দেহপ্রবণ মানুষ। নিজেকে কখনো নিশ্চিত মনে করি না। অভিজ্ঞতা থেকেই এটা শিখেছি। তবে এটা সত্যি যে ম্যাচটা আমাদের বিপক্ষেও যেতে পারত, যদিও চাপটা ছিল আমাদের ওপরই বেশি।’
লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের মধ্যে একাদশে জায়গা পাওয়ার প্রতিযোগিতা নিয়ে স্কালোনি বলেন, ‘কোচের কাজই সমাধান খুঁজে বের করা। আমরা সবসময় ভারসাম্যের কথা বলি। মেসি, লাউতারো আর হুলিয়ানকে একসঙ্গে খেলানো সহজ নয়। এটা কোনো অজুহাত নয়। ম্যাচের কোনো না কোনো পর্যায়ে আমরা কষ্টে পড়তাম। ভবিষ্যতে কোনো এক সময় তারা একসঙ্গে খেলতে পারবে। তবে আজ আমরা মনে করেছি, সেটার প্রয়োজন ছিল না।’
জাতীয় দলের হয়ে নিজের ১০০তম ম্যাচ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘নিশ্চিতভাবেই এই একশো ম্যাচের মধ্যে এটাই আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। কারণ এটা বিশ্বকাপ, কারণ আমাদের ঘুরে দাঁড়াতে হয়েছে। একজন কোচ হিসেবে এই ম্যাচ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আর জিতেছি বলেই অনুভূতিটা আরও ভালো। হারলে এটা দুঃখজনক একটি পরিসংখ্যান হয়ে থাকত।’
সবশেষে, গত বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের সঙ্গে কেপ ভার্দে ম্যাচের তুলনা করতে গিয়ে স্কালোনি বলেন, ‘তুলনা করলে বলব, আজ দল দারুণভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। এখন আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। বিশ্বকাপে খেলার বাস্তবতা তারা ভালোভাবেই জানে। সৌদি আরবের বিপক্ষে আমরা নিষ্প্রভ ছিলাম, কিন্তু আজ তা ছিল না।’
