×

প্রথম পাতা

নিজেদের জাত চেনাল স্পেন

Icon

মুহাম্মদ রুহুল আমিন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিজেদের জাত চেনাল স্পেন

২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে নকআউট পর্ব যেন স্পেনের জন্য এক দীর্ঘ হতাশার গল্প। ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায়, এরপর ২০১৮ ও ২০২২ সালে শেষ ষোলোতে টাইব্রেকারের যন্ত্রণায় থেমে যাওয়া। চারটি বিশ্বকাপজুড়ে জমে থাকা সেই আক্ষেপের অবসান ঘটল উত্তর আমেরিকার মাটিতে। অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ১৬ বছর পর আবারো বিশ্বকাপের নকআউটে জয়ের স্বাদ পেল স্পেন। তবে এই জয় শুধু পরের ধাপে ওঠার নয়, এটি ছিল নিজেদের হারানো পরিচয় ফিরে পাওয়ারও ঘোষণা।

লস অ্যাঞ্জেলেসে গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচের প্রথম মিনিট থেকেই বোঝা যাচ্ছিল, স্পেন কোনো ঝুঁকি নিতে আসেনি। বলের নিয়ন্ত্রণ, ছোট ছোট পাস, দ্রুত আক্রমণ আর প্রতিপক্ষকে নিজেদের অর্ধে আটকে রাখার কৌশলে শুরু থেকেই অস্ট্রিয়াকে চাপে ফেলে দেয় লুইস দে লা ফুয়েন্তের দল। পুরো ম্যাচে ২৩টি শট নেয় স্পেন, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে অস্ট্রিয়ার পাঁচটি প্রচেষ্টার একটিও গোলমুখে রাখতে পারেনি। পরিসংখ্যানই বলে দিচ্ছে, এটি ছিল একপেশে আধিপত্যের ম্যাচ।

এই আধিপত্যের সবচেয়ে বড় প্রতীক মিকেল ওইয়ারসাবাল। লামিন ইয়ামালকে ঘিরে যত আলোচনা, বিশ্বকাপে গোলের দায়িত্বটা যেন নিজের কাঁধেই তুলে নিয়েছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। ৩৬ ও ৮৯ মিনিটে দুটি নিখুঁত ফিনিশে তিনি নিশ্চিত করেন স্পেনের জয়। মাঝখানে ৬৬ মিনিটে অ্যালেক্স বায়েনার দারুণ ক্রস থেকে হেডে গোল করেন পেদ্রো পররো। জাতীয় দলের হয়ে এটিই ছিল তার প্রথম গোল, আর সেটিও এলো বিশ্বকাপের নকআউট মঞ্চে।

চলতি বিশ্বকাপে এটি ওইয়ারসাবালের চতুর্থ গোল। এর আগে সৌদি আরবের বিপক্ষেও করেছিলেন জোড়া গোল। বিশ্বকাপের এক আসরে দুটি ভিন্ন ম্যাচে একাধিক গোল করা প্রথম স্প্যানিশ ফুটবলারও এখন তিনি। দীর্ঘদিন ধরে স্পেনের আক্রমণে নির্ভরযোগ্য একজন ফুটবলার হলেও এবার নিজেকে তুলে ধরছেন দলের সবচেয়ে কার্যকর গোলশিকারি হিসেবে।

গোল না করেও ম্যাচের অন্যতম সেরা ছিলেন লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বমঞ্চে যে পরিপক্বতা দেখাচ্ছেন, তা বিস্ময় জাগানোর মতো। অস্ট্রিয়ার বিপক্ষে তিনি প্রতিপক্ষের বক্সে ১৪ বার বল স্পর্শ করেছেন এবং সফল হয়েছেন ১০টি ড্রিবলে। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এই দুটি কীর্তি গড়েছেন তিনি। বড় টুর্নামেন্টে ইয়ামাল শুরুর একাদশে থাকলে স্পেনের শতভাগ জয়ের রেকর্ডও অক্ষুণ্ন থাকল।

শুধু আক্রমণ নয়, রক্ষণেও স্পেন এখন দুর্ভেদ্য। গোলরক্ষক উনাই সিমন বিশ্বকাপে টানা ৫১৯ মিনিট গোল না খেয়ে ইতালির কিংবদন্তি ওয়ালতার জেঙ্গার দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন। টানা চার ম্যাচে ক্লিনশিট রেখে স্পেন দেখিয়ে দিয়েছে, তাদের শক্তি শুধু আক্রমণে নয়, প্রতিপক্ষকে সুযোগই না দেয়ার সামর্থ্যওে। ২০০৬ সালে সুইজারল্যান্ডের পর প্রথম ইউরোপীয় দল হিসেবে বিশ্বকাপের প্রথম চার ম্যাচে কোনো গোল না খাওয়ার কীর্তিও গড়েছে তারা।

স্পেনের ফুটবলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ভারসাম্যে। একদিকে ইয়ামাল, কুবার্সি, বায়েনাদের মতো তরুণদের সাহসী ফুটবল, অন্যদিকে ওইয়ারসাবাল, কুকুরেয়া, পেদ্রি ও সিমনের অভিজ্ঞতা- এই সমন্বয় দলটিকে আগের যেকোনো সময়ের চেয়ে পরিণত করে তুলেছে। ম্যাচজুড়ে কুকুরেয়ার দুই অ্যাসিস্ট, মাঝমাঠে পেদ্রির নিয়ন্ত্রণ এবং বায়েনার সৃজনশীলতা স্পেনের আক্রমণকে আরো ধারালো করেছে।

এই জয় স্পেনের আত্মবিশ্বাসও বহুগুণ বাড়িয়ে দেবে। বিশ্বকাপের শুরুতে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর কেউ কেউ দলটির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এরপর টানা তিন জয়, আট গোল এবং একটিও গোল না খাওয়ার পর সেই প্রশ্নের জবাব মাঠেই দিয়েছে দে লা ফুয়েন্তের দল। সময় যত এগোচ্ছে, স্পেনও যেন আরো সংগঠিত, আরো ভয়ঙ্কর হয়ে উঠছে।

এখন সামনে আরো কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হবে পর্তুগাল অথবা ক্রোয়েশিয়া। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে যে ফুটবল স্পেন খেলেছে, তা শুধু একটি ম্যাচের জয় নয়; এটি প্রতিদ্ব›দ্বীদের জন্য স্পষ্ট সতর্কবার্তা। ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে স্পেন বুঝিয়ে দিয়েছে, এবার তারা শুধু নকআউটের বাধা পেরোতে নয়, বিশ্বকাপ ট্রফি ঘরে ফেরানোর স্বপ্ন নিয়েই এগিয়ে চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

বিশেষ ব্যবস্থায় আজ পরীক্ষা দেবে বগুড়া-নাটোরের ১৮ এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ ব্যবস্থায় আজ পরীক্ষা দেবে বগুড়া-নাটোরের ১৮ এইচএসসি পরীক্ষার্থী

প্রথম ২৪ ঘণ্টা যে কারণে ডেঙ্গুর জন্য খুবই গুরুত্বপূর্ণ

প্রথম ২৪ ঘণ্টা যে কারণে ডেঙ্গুর জন্য খুবই গুরুত্বপূর্ণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App