×

প্রথম পাতা

নাটক জমিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাটক জমিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

শেষ ওভারে দরকার মাত্র ৫ রান। হাতে তখনো ছয় উইকেট। ম্যাচটি বাংলাদেশের জন্য নিছক আনুষ্ঠানিকতা হয়ে যাওয়ারই কথা ছিল। কিন্তু ক্রিকেটের নামই যে অনিশ্চয়তা! শেষ ওভারের প্রথম তিন বলেই দুই উইকেট হারিয়ে হঠাৎ করেই চাপে পড়ে যায় সফরকারীরা। একসময় জিম্বাবুয়ের জয়ের আশাও জেগে ওঠে। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত মেহেদী হাসানের ব্যাটেই আসে স্বস্তির হাসি। নাটকীয় এই জয়েই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

গতকাল রবিবার বুলাওয়েতে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। ১৪৪ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে তারা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। শুরুতেই স্বাগতিকদের চাপে ফেলেন মেহেদী হাসান। দ্বিতীয় ওভারেই মারুমানিকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন তিনি। এরপর ব্রায়ান বেনেট ও মায়ার্স জুটি গড়ে ইনিংস সামাল দেন। বেনেট ৩৮ বলে ৪৭ রান করে ফিফটির আক্ষেপ নিয়ে ফেরেন মোহাম্মদ সাইফউদ্দিনের বলে।

এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন মায়ার্স। ৫৩ বলে ৭৩ রানের দায়িত্বশীল ইনিংসে তিনিই জিম্বাবুয়েকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন। শেষদিকে সিকান্দার রাজাও কিছুটা ঝড় তোলার চেষ্টা করলেও রিশাদ হোসেনের শিকার হন। শেষ ওভারে তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানেই থামে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সাইফউদ্দিন, আর গুরুত্বপূর্ণ সময়ে নিয়ন্ত্রিত বোলিং করেন তাসকিন, রিশাদ ও মেহেদী।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারালেও পরে তানজিদ হাসান ও পারভেজ হোসেন দলকে এগিয়ে নেন। পারভেজ ২৪ রান করে ফিরলেও তানজিদ, হৃদয় ও মিডল অর্ডারের ব্যাটাররা ছোট ছোট জুটি গড়ে লক্ষ্যকে নাগালের মধ্যেই রাখেন। শেষ ওভারে সমীকরণ নেমে আসে ৫ রানে। কিন্তু তখনই শুরু হয় রোমাঞ্চ। প্রথম তিন বলেই দুই উইকেট হারিয়ে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। চতুর্থ বলে মেহেদী হাসান এলবিডব্লিউয়ের শঙ্কায় পড়লেও আম্পায়ার ডেড বল ঘোষণা করেন, কারণ বল করার সময় একজন ফিল্ডার ব্যাটারের সামনে দিয়ে নড়াচড়া করেছিলেন। জীবন ফিরে পাওয়া মেহেদী আর ভুল করেননি। পরের বলেই হাঁকান দৃষ্টিনন্দন চার, তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের জয় ও সিরিজ।

সিরিজের শুরুতে হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচ জিতে ট্রফি নিজেদের করে নিল বাংলাদেশ। সহজ সমীকরণও যে শেষ মুহূর্তে কঠিন হয়ে উঠতে পারে, তার আরেকটি উদাহরণ দেখা গেল বুলাওয়েতে। তবে শেষ হাসিটা ছিল বাংলাদেশেরই। শেষ ওভারের ভয় কাটিয়ে জয়ের আনন্দে সিরিজও রাঙাল সফরকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

সারোয়ার তুষার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল বাংলাপোস্ট

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সারজিস আলম গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App