×

প্রথম পাতা

চালুর পরদিনই গোলাপি বাস যাত্রীহীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চালুর পরদিনই  গোলাপি বাস যাত্রীহীন

ছবি: সংগৃহীত

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রুটে ‘মহিলা বাস সার্ভিস’ উদ্বোধনের পরদিনই গতকাল বুধবার বাসগুলো ফাঁকা দেখা গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এই বাস সার্ভিস চালু করে। সড়কে চলাচলকারী মহিলা বাস সার্ভিসে অধিকাংশ আসন ফাঁকা ও হাতে গোনা যাত্রী নিয়ে চলাচলের চিত্র দেখা মিললেও সাধারণ গণপরিবহনে মহিলা যাত্রীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে এদিন সকালের শুরুতে গন্তব্যমুখী নারীদের সাধারণ গণপরিবহনের গেটে ঝুলে চলাচল করতেও দেখা গেছে।

গতকাল বুধবার সকাল আনুমানিক ৯টার পর পর রাজধানীর শ্যামলী বাস পয়েন্ট অতিক্রম করতে দেখা যায় মিরপুর ১০ নম্বর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী একটি মহিলা বাস সার্ভিস। এসময় বাইরে থেকে ওই বাসটির দোতলায় কোনো যাত্রী না থাকায় সম্পূর্ণ আসন ফাঁকা দেখা গেছে। তবে বাসটির নিচতলায় ৪-৫ জন মহিলা যাত্রীকে আসনে বসে থাকতে দেখা গেছে। এছাড়া সব আসন ফাঁকা নিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

এসময় বাসটির পেছন গেটে একজন পুরুষ যাত্রী ও চালকের সহকারীর আসনে একজন পুরুষকে দেখা গেছে। সকাল ৯টার পর পর শ্যামলী অতিক্রম করা বাসটি অনুসরণ করে দেখা যায়, কয়েকটি বাস পয়েন্ট অতিক্রম করে আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে আড়ং ট্রাফিক সিগন্যাল পেরিয়ে সংসদ ভবন পর্যন্ত বাসে কোনো যাত্রী উঠতে ও নামতে দেখা যায়নি। ফলে যাত্রী সংকটে গাড়িটি কোনো বাস পয়েন্টে না দাঁড়ানোয় চালকের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বাস পয়েন্টগুলোতে মহিলা যাত্রীর দেখা মিললেও তাদের জন্য বিশেষ এই বাসে ওঠার আগ্রহ লক্ষ্য করা যায়নি। ফলে প্রতিদিনের মতো রাজধানীর লোকাল বাসগুলোতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমনকি পুরুষ মহিলা উভয় যাত্রীদের নিয়ে চলাচলকারী বিআরটিসি বাসের গেটে নারী যাত্রীদের ঝুলে চলাচল করতে দেখা যায়।

এদিকে সকাল সাড়ে ৯টার পর পর রাজধানীর ফার্মগেটে অবস্থান নিয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও এই সময়ের মধ্যে এই এলাকায় কোনো মহিলা বাস সার্ভিস চলাচলের চিত্র দেখা মেলেনি।

রাজধানীর ফার্মগেট বাস পয়েন্টে দাঁড়িয়ে থাকা নারী আসমা আক্তারকে মহিলা বাসের জন্য দাঁড়িয়ে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আসলে মহিলা বাসের জন্যই যে দাঁড়িয়ে আছি এটা ভুল। প্রতিদিনের মতো ডিউটির জন্য বের হয়েছি। প্রতিদিন যে সময়ে বাসা থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষায় থাকি আজও তাই। আমার নির্ধারিত গন্তব্যে যাওয়ার যে গাড়ি আসবে তাতেই উঠে যাবো। নির্দিষ্ট মহিলা বাসের আশায় থাকলে কখন আসবে, কখন অফিস পৌঁছাবো, টাইম মতো যেতে পারবো কিনা সন্দেহ। যদি দাঁড়িয়ে থাকতে থাকতে মহিলাদের গাড়ি আসে তাহলে গাড়িতে উঠে যাবো।

তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য আরেক মহিলা যাত্রী সোনালী খাতুন বলেন, প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে আছি কিন্তু এই সময়ের মধ্যে গাড়ির দেখা পায়নি। তবে এটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ। যদি দাঁড়িয়ে থাকতে থাকতে গাড়ি পেয়ে যায় তাহলে অবশ্যই উঠবো।

তিনি বলেন, সরকার কেবল এটা বাস্তবায়ন শুরু করেছে। আস্তে আস্তে অবশ্যই বাসের সংখ্যা বাড়ানো হবে। এই অল্পসংখ্যক বাস হওয়ায় অফিস সময়ে এই বাসের অপেক্ষায় থাকাটা ঠিক হবে না। কখন একটা গাড়ি আসবে সেটাওতো নিশ্চিতভাবে বলা যায় না। সরকারের উচিত বাসের সংখ্যা বৃদ্ধি করা।

গত মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

বিআরটিসি সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সংযুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকার ৯টি রুটে ১০টি বাস চলাচল করবে। এসব বাসের চালক ও কন্ডাক্টরও নারী। প্রাথমিক পর্যায়ে ঢাকায় ১০টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় মোট চারটি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। ঢাকার ৯টি রুটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাসগুলো। এসব বাস থামবে মোট ১১৪টি স্টপেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ যেসব তথ্য দিলেন বান্ধবী দিশা

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ যেসব তথ্য দিলেন বান্ধবী দিশা

ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App