এবার বিরোধীরা কেন অমিত শাহকে নিশানা বানাতে চায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এখন বিরোধী দলগুলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত শক্তিপ্রয়োগ ও দমন-পীড়নের ব্যাখ্যা চাইছেন। মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে তরুণ শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভের মুখে গত শনিবার পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। এবার কি তবে বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চাপে ফেলতে চাইছেন।
এ নিয়ে একাধিক সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, সোমবার রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গের কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত বিরোধী নেতারা পার্লামেন্টের কার্যক্রম অচল করে দেয়া এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ব্যাখ্যা দাবির সিদ্ধান্ত নিয়েছেন।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করার সময় ২০ জুলাই দিল্লির যন্তর মন্তর থেকে বিক্ষোভকারীরা পার্লামেন্ট অভিমুখে যাত্রা করেছিলেন। পুলিশ তাদের বাধা দিতে গেলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। পার্লামেন্ট অভিমুখে মিছিল করা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত ব্যবস্থা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। বিশেষ করে, পেলেট গান (ছররা গুলি) ব্যবহারের অভিযোগ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী গত রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর চালানো ‘বর্বরোচিত হামলা’র জবাবদিহি দাবি করেছেন। রাহুলের ওই চিঠি ইঙ্গিত দিচ্ছে, বিরোধী শিবির এখন এ ইস্যুতে অমিত শাহকে সরাসরি চাপে ফেলতে চাইছে।
অমিত শাহকে রাহুলের চিঠি : স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল গান্ধী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থার দাবি জানাচ্ছিল। কিন্তু তাদের কথা শোনার পরিবর্তে নিরাপত্তা বাহিনী নির্বিচার বল প্রয়োগ করেছে, যার মধ্যে প্রাণঘাতী অস্ত্র ও কাঁদানে গ্যাসের ব্যবহারও ছিল।’
শিক্ষার্থীদের ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেয়ার পর সিজেপি তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তবে গত রবিবার রাহুল গান্ধী বিরোধীদের বাকি দুটি দাবি পুনর্ব্যক্ত করেন। সেগুলো হলো- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা প্রার্থনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি।
স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল গান্ধী বলেন, ‘শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। নারী শিক্ষার্থীদের ওপর পুলিশ সদস্যরা হামলা চালিয়েছেন, এমনকি ইচ্ছাকৃতভাবে তাদের শরীরের গোপন স্থান লক্ষ্য করেও আঘাত করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রাণঘাতী পেলেট গান ব্যবহার করা হয়েছে।’
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর উল্লেখ করে রাহুল গান্ধী আরো বলেন, একজন সাংবাদিকসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
রাহুল প্রশ্ন তোলেন, পেলেট গান ব্যবহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি নিজে দিয়েছিলেন? বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতে সাদাপোশাকধারী ব্যক্তিদের মোতায়েনের অভিযোগও তোলেন রাহুল।
এই কংগ্রেস নেতা বলেন, ‘আমি ১৯ বছর বয়সী শিক্ষার্থী সাহিল লোচাবের সঙ্গে দেখা করেছি। পেলেট গানের গুলিতে আহত হওয়ায় তিনি এখন তীব্র যন্ত্রণায় ভুগছেন এবং তার একটি চোখ হারানোর আশঙ্কা রয়েছে। দিল্লিতে মোতায়েন নিরাপত্তা বাহিনী শেষ পর্যন্ত অমিত শাহর কাছেই জবাবদিহি করে।’
‘শান্তিপূর্ণ বিক্ষোভ যেকোনো গণতন্ত্রের অপরিহার্য অংশ। বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংলাপের মাধ্যমে তাদের উদ্বেগ ও দাবির সমাধান করা সরকারের দায়িত্ব’, যোগ করেন রাহুল।
কংগ্রেস নেতা প্রশ্ন তোলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শিক্ষার্থীদের বিরুদ্ধে পেলেট গানসহ প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমোদন কি আপনি দিয়েছিলেন? যদি না দিয়ে থাকেন, তাহলে কে দিয়েছে? সাদাপোশাকে লাঠি হাতে শিক্ষার্থীদের মারধর করতে দেখা ব্যক্তিরা কি পুলিশ সদস্য, নাকি স্বেচ্ছাসেবক? তাদের মোতায়েনের অনুমোদন কে দিয়েছিল?’
সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস (টিএমসি), সিপিআই(এম)-সহ কয়েকটি বিরোধী দল রুল ২৬৭-এর অধীনে মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছে। নোটিশে তারা দিল্লিতে শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযানের সময় ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের অনুমোদন নিয়ে পার্লামেন্টে আলোচনা করার দাবি জানিয়েছে।
