চট্টগ্রামে নালায় বস্তাভর্তি বুলেট উদ্ধার
চট্টগ্রাম অফিস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় নালা পরিষ্কারের সময় একটি বস্তায় ভরা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের বুলেট উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরের শেরশাহ বাংলাবাজার এলাকায় বিএসআরএম নামে একটি ফ্যাক্টরির ৫ নম্বর গেটসংলগ্ন একটি নালা থেকে বুলেটগুলো উদ্ধার করা হয়। তবে কে বা কারা কেন এখানে বুলেটগুলো ফেলে গেছে, তা জানা যায়নি।
এ ব্যাপারে বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফা কামাল সংবাদ মাধ্যমকে বলেন, শেরশাহ কলোনিসংলগ্ন বাংলাবাজারে বিএসআরএম ফ্যাক্টরির ৫ নম্বর গেটের পাশের নালা পরিষ্কার করতে গিয়ে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা বিপুল পরিমাণ বুলেট পান। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করেছে।’ তিনি বলেন , ‘উদ্ধার হওয়া বুলেটের মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টির বেশি ছোট আকারের বুলেট রয়েছে। এর মধ্যে বড় বুলেটগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ‘বুলেটগুলো কীভাবে সেখানে এলো- এসব বিষয় তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’
