যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:৩২ এএম
ছবি : সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি নিজের সুস্থতা ও ফিটনেস ধরে রাখতে অনুসরণ করেন ভিন্নধর্মী জীবনধারা। নিয়মিত জিমে না গেলেও চাষাবাদ, প্রাকৃতিক জীবনযাপন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই তার ফিট থাকার মূল রহস্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানান, প্রয়োজন হলে সিনেমার চরিত্রের জন্য জিমে গিয়ে পিলাটিজ করেন। তবে প্রতিদিন জিমে যাওয়ার অভ্যাস তার নেই। বরং নিজের খামার ও বাগানের কাজেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
অভিনেত্রী জানান, চাষাবাদের সময় তিনি নিজেই মাটি প্রস্তুত করেন, কোদাল দিয়ে জমি খুঁড়েন এবং গাছের পরিচর্যা করেন। এসব শারীরিক পরিশ্রমই তাকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সহায়তা করে।
আরো পড়ুন : আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান
বাংলাদেশে নিজের বাড়িতে বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ করেন জয়া। সেখানকার তাজা ও রাসায়নিকমুক্ত সবজি দিয়েই তিনি নিয়মিত রান্না করা খাবার খেতে পছন্দ করেন। তবে মাঝেমধ্যে পিৎজা খেলেও তা নিয়ে অপরাধবোধে ভোগেন না। তার মতে, শরীরের পাশাপাশি মনকেও মাঝে মাঝে আনন্দ দেওয়া প্রয়োজন।
পুষ্টিবিদদের মতে, চাষাবাদ একটি কার্যকর শারীরিক ব্যায়াম। এতে শরীরের ক্যালরি ঝরে, পেশি শক্তিশালী হয় এবং শরীর স্বাভাবিকভাবে সক্রিয় থাকে। পাশাপাশি সূর্যালোকের সংস্পর্শে ভিটামিন ডি-এর ঘাটতিও অনেকটা পূরণ হয়।
বিশেষজ্ঞরা আরো বলেন, বাগান বা কৃষিকাজ মানসিক চাপ কমাতে এবং শরীরে ‘হ্যাপি হরমোন’-এর নিঃসরণ বাড়াতে সহায়ক। যারা চাষাবাদের সুযোগ পান না, তারা বড় পরিসরে বাগান করা বা খোলা জায়গায় নিয়মিত হাঁটার মাধ্যমে একই ধরনের উপকার পেতে পারেন।
