আহত আরো ২ জন
মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। নিহত যুবদল কর্মীর নাম ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫)। গত শুক্রবার রাতে মিরপুর ১৩ নম্বরে এ ঘটনা ঘটে। গুলিতে আহত হয়েছেন দুজন। এ ঘটনার পর আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত দুজন হলেন যুবদলের কর্মী মনির হোসেন (৩২) ও কাঁচামাল বিক্রেতা সালাম সরদার (৪৫)।
নিহত ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার বন্ধু ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মামুন। হাসপাতালে তিনি বলেন, শুক্রবার রাত ১১টার দিকে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে যুবদলকর্মী ইউসুফ, মনির ও তিনি মিরপুর ১৩ নম্বরে ওপেক্স গার্মেন্টসের সামনে একটি দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। চার-পাঁচজন যুবক সেখানে ঘোরাঘুরি করছিলেন। ওই যুবকদের কাছে ঘোরাঘুরির কারণ জানতে চাওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা বাবুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। সেই গুলি ইউসুফ, মনির ও পথচারী সালামের শরীরে লাগে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, রাত ১২টার পর ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, ইউসুফের বুকে, মনিরের বাঁ পায়ে ও সালামের মাথার ডান পাশে গুলি লেগেছে।
নিহত ইউসুফ আলী মিরপুর ১৩ নম্বর এলাকায় থাকতেন। তার বাবা মৃত শাহজাহান বেপারী। গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার সাকরালে। ইউসুফ কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার বলেন, হামলায় মোট চারজন অংশ নিয়েছিল। হতাহতের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ চঞ্চল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্য তিনজনকে আটক করতে অভিযান চলছে।
