রবিবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
কাগজ প্রতিবেদক ও চট্টগ্রাম অফিস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এক দিনের সফরে আগামীকাল রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। এরপর তিনি নগরীতে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে মিলিত হবেন। সরকার প্রধান ও বিএনপি চেয়ারম্যান তারকের রহমানের এই সফর ঘিরে চট্টগ্রামে সাজসাজ রব পড়েছে।
বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নতুন ঘর ও পুনর্বাসন সহায়তা প্রদান করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। পরে হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার রাতে নগরীর পাঁচ তারকা রেডিসন ব্লæ বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সরকার গঠনের পর এপ্রিলে ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর যাওয়ার কথা থাকলেও পরে আর সেই কর্মসূচি হয়নি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম চট্টগ্রামে আসছেন তারেক রহমান।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরের কথা রয়েছে। সফরে তিনি সাম্প্রতিক পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারীর মানুষের খোঁজখবর নেবেন।
চট্টগ্রামে পৌঁছে দুপুরে হেলিকপ্টারে বাঁশখালী উপজেলার বাহাছড়া ইউনিয়নে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর ১২টা ২০ মিনিটে পশ্চিম বাঁশখালী উচ্চ
বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। চট্টগ্রাম জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০টি পরিবারের কাছে নতুন ঘর ও চাবি হস্তান্তরের পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা দেবেন। হাটহাজারীতেও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পুনর্বাসন সহায়তা বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
বাঁশখালীতে অনুষ্ঠান শেষে হেলিকপ্টার যোগে দুপুর দেড়টায় ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে যাবেন আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায়।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সাংগঠনিক দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন। বিভিন্ন জেলায় গেলে তিনি এভাবে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
