আরও এক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
ফাইল ছবি
জার্মানির পশ্চিমাঞ্চলে অবস্থিত স্পাংডাহলেম বিমানঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই পাইলটকে নিরাপদে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় আইফেলক্রাইস বিটবুর্গ-প্রুম জেলার দমকল ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজে অংশ নেন। জেলা কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় একজন আহত হয়েছেন এবং পরবর্তীতে ঘটনাস্থলে জরুরি উদ্ধার কার্যক্রম সফলভাবে শেষ হয়।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য হাতে এলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
মহড়া চলাকালীন দুর্ঘটনা ও ফ্লাইট পরিবর্তন
জার্মান বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেশটির সম্প্রচারমাধ্যম এসডব্লিউআর-কে জানিয়েছে, কয়েকটি যুদ্ধবিমান নিয়ে একটি নিয়মিত মহড়া চলার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই মহড়ায় অংশ নেওয়া অন্য বিমানগুলোকে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী রামস্টেইন বিমানঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র
স্পাংডাহলেম বিমানঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর ৫২তম ফাইটার উইং এই এফ-১৬ যুদ্ধবিমানগুলো পরিচালনা করে থাকে, যা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিভিন্ন সামরিক অভিযানে নিয়মিত ব্যবহৃত হয়।
এর আগেও স্পাংডাহলেম বিমানঘাঁটির আশপাশে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। ২০১৯ সালের অক্টোবরে এই ঘাঁটির দক্ষিণে জেমার-রডট এলাকায় নিয়মিত প্রশিক্ষণ চলাকালে আরেকটি মার্কিন এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়েছিল। সেবারও পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন এবং সামান্য আহত হয়েছিলেন।
এছাড়া সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। গত ১৭ সেপ্টেম্বর বিকেলে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে প্রশিক্ষণ মহড়ার সময় আরও একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে যায়। সে সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বড় ধরনের আগুনের গোলা ও আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গিয়েছিল।
