সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র আর নেই
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সতীশ চন্দ্র রায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই। মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহযোদ্ধা ও অনুসারী
রেখে গেছেন।
গতকাল বুধবার দুপুর ১২টায় দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামে তার পারিবারিক শ্মশানে শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড় ছেলে অরবিন্দু রায়।
তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। সতীশ চন্দ্র রায় ১৯৪১ সালের ৩০ নভেম্বর বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন তিনি। পেশাগত জীবনে শিক্ষকতা করলেও পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তৎকালীন দিনাজপুর-৭ এবং পরবর্তীতে দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সতীশ চন্দ্র রায়। পরে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বও পালন করেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীরা শোক প্রকাশ করেছেন। তারা প্রয়াত এই রাজনীতিবিদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
