মাধ্যমিক
পুনর্নিরীক্ষণের ফলাফল ১০ সেপ্টেম্বর
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চলতি বছরের মাধ্যমিক বা এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে করা এই প্রস্তাবে শিক্ষা মন্ত্রণালয় সায় দিলে সেদিন ফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ১০ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশে সম্ভাব্য তারিখ নির্ধারণ করে একাদশে ভর্তির প্রস্তাবিত খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এ ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে। চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায়
আশানুরূপ ফল না পেয়ে ৪ লাখ ২ হাজার ৫১ জন পুনর্নিরীক্ষণের আবেদন করছেন। তারা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণ চেয়েছেন। এর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক রয়েছে। সেই হিসাবে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্র এবং ২ লাখ ৩১ হাজার ৪৭১টি ব্যবহারিক উত্তরপত্রসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে।
প্রসঙ্গত; গত ১০ আগস্ট চলতি বছরের মাধ্যমিক বা এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা ১৯ বছরের মধ্যে সর্বনি¤œ। এবারের পরীক্ষায় মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফল প্রকাশের পরদিন থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ পেয়েছিলেন পরীক্ষার্থীরা।
