জাপানের মঞ্চে বাংলাদেশি ৩ খুদের মাথায় বিজয়ের মুকুট
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
অরণী সাহা, মোহাম্মদ সাফওয়াট জামান ও আলবি আহমেদ খান আহনাব-এরা ৩ জনই সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি তারা জাপানের মাটিতে উড়িয়েছেন লাল-সবুজের পতাকা। এনেছেন বিজয়ের মুকুট।
সম্প্রতি জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা ‘রোবোরেভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ওসাকা ২০২৬’-এর এন্টারপ্রেনারশিপ চ্যালেঞ্জে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ‘টিম অ্যাটলাস’। সেই টিমের সদস্য অরণী, সাফওয়াট ও আলবি। দলটির মেন্টর হিসেবে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সানি জুবায়ের ও জান্নাতুল ফেরদৌস। গত ১০ থেকে ১২ আগস্ট
জাপানের ওসাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (গ্র্যান্ড কিউব ওসাকা) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশের দল অংশ নেয়।
প্রতিযোগিতায় অংশ নেয়া দেশগুলোর মধ্যে ছিল চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ম্যাকাও, মিসর, ফিলিপাইন, ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, তিউনিসিয়া, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, জাপান, তাইওয়ান, পোল্যান্ড, গ্রিস, কানাডা, যুক্তরাষ্ট্র ও স্লোভাকিয়া। এন্টারপ্রেনারশিপ চ্যালেঞ্জে বিশ্বের বিভিন্ন দেশের শক্তিশালী প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে টিম অ্যাটলাস। এর মধ্য দিয়ে বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় বাংলাদেশের এই দল। তাদের এই সাফল্যের মধ্য দিয়ে জাপানের আন্তর্জাতিক রোবোটিকস মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের এই অর্জন আন্তর্জাতিক পর্যায়ে দেশের তরুণদের উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতার সক্ষমতাকেও তুলে ধরেছে।
টিম অ্যাটলাস প্রতিযোগিতায় উপস্থাপন করে একটি এআই-চালিত স্মার্ট অ্যাকুয়াকালচার প্ল্যাটফর্ম। আইওটি, আর্টিফিসাল ইন্টিলিজেন্স থ্রি কম্পিউটার ভিশন প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই সিস্টেমটি মাছের খামারের পানির মান, মাছের আচরণ ও খাদ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরামর্শ দিতে সক্ষম।
এত কম বয়সে এমন জটিল কারিগরি দক্ষতা ও আধুনিক চিন্তার বিকাশ ঘটিয়ে এই খুদে উদ্ভাবকেরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যায়। তাদের এই ঐতিহাসিক জয় দেশের উদীয়মান তরুণ প্রজন্মের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় এক বিরাট অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
