×

শেষের পাতা

জনস্বাস্থ্য-উন্নয়ন বিশেষজ্ঞ খায়রুল ইসলাম আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার সাবেক আঞ্চলিক পরিচালক ডা. মো. খায়রুল ইসলাম আর নেই। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতেই খায়রুল ইসলাম হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে গতকাল ভোরে তার মৃত্যু হয়।

ওয়াটারএইডের বাংলাদেশীয় প্রধান হাসিন জাহান তার ফেসবুক পোস্টে জানান, খায়রুল ইসলামের মরদেহ শুক্রবার বারডেমের মরচুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে। খায়রুল ইসলামের প্রবাসী ছেলের দেশে ফেরা পর্যন্ত সেখানেই মরদেহ রাখা হবে।

প্রয়াত খায়রুল ইসলামের বন্ধু জ্বালানি বিশেষজ্ঞ এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য ম তামিম জানান, ডা. খায়রুল ইসলামের ছেলে অর্ক অস্ট্রেলিয়া থেকে দেশে আসছেন। আজ শনিবার বাদ আছর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে। তাকে রায়েরবাজারে দাফন করা হতে পারে।

ডা. খায়রুল ইসলাম দীর্ঘদিন ধরে পানি, স্যানিটেশনসহ জনস্বাস্থ্য খাতে কাজ করেছেন। তিনি ২০০৮ সালে ওয়াটারএইড বাংলাদেশে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে যোগ দেন। পরে ২০১৯ সালের অক্টোবর

থেকে ওয়াটারএইডের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেন। দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারে ওয়াটারএইডের কার্যক্রমের নেতৃত্ব দেন। এর আগে তিনি ১১ বছরের বেশি সময় ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে ড. খায়রুল ইসলাম প্ল্যান ইন্টারন্যাশনাল, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এশিয়া ফাউন্ডেশন ও গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। আফ্রিকার কয়েকটি দেশে তিনি কমিউনিটি-লেড টোটাল স্যানিটেশন কার্যক্রমও চালু করেন।

খায়রুল ইসলাম মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাশাস্ত্রে স্নাতক খায়রুল ইসলাম স্নাতকোত্তর ডিগ্রি নেন নিপসম ও বোস্টন থেকে। ডা. খায়রুল ইসলাম জনস্বাস্থ্য ও উন্নয়ন খাতে ৪ দশকের বেশি সময় কাজ করেছেন। তিনি অস্ট্রেলিয়ায় গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ এবং বাংলাদেশের ব্র্যাক স্কুল অব পাবলিক হেলথে খণ্ডকালীন সহযোগী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। লেখালেখি ও গবেষণাতেও তার অবদান ছিল।

জনস্বাস্থ্য খাত নিয়ে দেশে ও বিদেশ থেকে তার একাধিক বই প্রকাশিত হয়েছে। ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ’ বইটির সম্পাদনা পরিষদের সদস্য এবং প্রদায়ক ছিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত স্বাস্থ্য খাতের দুর্নীতিবিষয়ক বই এবং ‘মুজিবপিডিয়া’য় স্বাস্থ্য খাতের প্রদায়ক ছিলেন। যৌথভাবে তিনি ‘মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস’ বইটি রচনা করেন। মুক্তিযুদ্ধের সময় চিকিৎসকদের অভিজ্ঞতা ও সংগ্রামের ইতিহাস নিয়ে বইটি প্রকাশিত হয় ২০২২ সালে। এছাড়া তিনি ‘ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ : এডভান্স ইন হেলথ’ বইটির অন্যতম সম্পাদক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর স্বাস্থ্য খাতের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে প্রকাশিত বইটিতে দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন বিশেষজ্ঞের লেখা স্থান পেয়েছে। বাংলাদেশে নিরাপদ পানি ও স্যানিটেশনসহ জনস্বাস্থ্য নিশ্চিত করতে ডা. খায়রুল ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিধি বেশি, গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী

শামা ওবায়েদ পরিধি বেশি, গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী

‘এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়’

ছাত্রলীগ নেত্রীর মন্তব্যে কড়া জবাব ছাত্রদল নেত্রীর ‘এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়’

মধ্যপ্রাচ্যের বিখ্যাত কুনাফা তৈরির সহজ উপায়

মধ্যপ্রাচ্যের বিখ্যাত কুনাফা তৈরির সহজ উপায়

সিলেটে বিসিক সেলস সেন্টার উদ্বোধন

সিলেটে বিসিক সেলস সেন্টার উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App