ডোনাল্ড ট্রাম্প
চুক্তি স্বাক্ষরের জন্য এটাই ইরানের শেষ সুযোগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:১০ এএম
ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে একটি নতুন সমঝোতায় পৌঁছানোর জন্য এটিই ‘শেষ সুযোগ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে।
হোয়াইট হাউসের ওভাল অফিসে এক নথি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চায়। তবে এটিই ইরানের জন্য শেষ সুযোগ।
ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো একটি চুক্তিতে পৌঁছাতে পারি। আমি শেষবারের মতো তাদের সেই সুযোগ দিতে চাই।’
ইরানের বিরুদ্ধে একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়ে পরে তা স্থগিত করার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, সম্ভাব্য চুক্তির প্রথম ধাপে হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা হবে। দ্বিতীয় ধাপে থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বিলুপ্ত করার বিষয়টি। তবে তিনি স্বীকার করেন, এই ধাপ বাস্তবায়নে আরও সময় প্রয়োজন হবে।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, রোববার রাতে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কাই তেহরানকে আলোচনায় আগ্রহী করে তুলেছে। তার ভাষায়, পরিকল্পিত সেই হামলা বাস্তবায়িত হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠোর সামরিক অভিযানের একটি হতে পারত।
তিনি আরও বলেন, তথ্য ফাঁস হওয়ার ফলে ইরান সম্ভাব্য হামলার ব্যাপকতা সম্পর্কে আগাম ধারণা পেয়েছে। ট্রাম্পের দাবি, ওই হামলা দীর্ঘ সময় ধরে চলতে পারত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করত। তবে প্রাণহানি এড়ানোর সুযোগ থাকলে তিনি কূটনৈতিক পথকেই অগ্রাধিকার দিতে চান।
হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথে কোনো ধরনের টোল আরোপ করা উচিত নয়। তবে তিনি মন্তব্য করেন, ‘যদি কেউ টোল নেয়, তাহলে সেটি আমরাই নেব।’
