ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৫ বছর পর ফিরতে চলেছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। ছবিটির সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কপূর। তবে নতুন পর্বে কার গল্প উঠে আসবে, কিংবা কোন অভিনেত্রীকে দেখা যাবে প্রধান চরিত্রে, তা এখনো প্রকাশ করেননি তিনি।
২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’-এ অভিনয় করেছিলেন বিদ্যা বালান, নসীরুদ্দীন শাহ, ইমরান হাশমি ও তুষার কপূর। দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমাটি সে সময় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।
সম্প্রতি এক পডকাস্টে একতা কপূর জানান, ‘দ্য ডার্টি পিকচার ২’ তাঁর পরিকল্পনায় থাকা বড় প্রকল্পগুলোর একটি। তিনি বলেন, “আমি যে বড় ছবিগুলো তৈরি করছি, তার মধ্যে অন্যতম ‘দ্য ডার্টি পিকচার ২’। ১৫ বছর পর সিক্যুয়েলটির পরিকল্পনা করছি। আসলে এবার আমার মনে হচ্ছে, এমন একটা গল্প আমার কাছে রয়েছে, যা আমি বলতে চাই।”

একতা জানান, প্রথম ছবির মতো দ্বিতীয় পর্বেও একজন নারীর জীবনই থাকবে গল্পের কেন্দ্রে। তবে এবারও সিল্ক স্মিতার জীবনকে ঘিরেই কাহিনি এগোবে কি না, সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি তিনি।
প্রথম ছবির মূল ভাবনা তুলে ধরে একতা বলেন, সিল্ক স্মিতাকে ঘিরেই তৈরি হয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’। একজন নারী নিজের যৌনতা নিয়ে খোলাখুলি অবস্থান নেওয়ায় কীভাবে তাঁকে সমালোচনা ও নিন্দার মুখে পড়তে হয়েছিল, সেটিই ছিল ছবির অন্যতম প্রধান বিষয়।
আরও পড়ুন: আবারও সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা, ঘরে আসছে নতুন অতিথি
সিল্ক স্মিতাকে অসহায় বা নির্যাতিত নারী হিসেবে দেখেননি জানিয়ে একতা বলেন, বরং তিনি তাঁকে এমন একজন নারী হিসেবে দেখেছেন, যিনি নিজের যৌনসত্তাকে উদ্যাপন করতেন। তাঁর মতে, এই দৃষ্টিভঙ্গিই ছবিটির সাফল্যের অন্যতম কারণ।
সিক্যুয়েলে কোন অভিনেত্রী অভিনয় করবেন বা গল্পের কেন্দ্রে কাকে রাখা হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি প্রযোজক। তবে শিগগিরই এ নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালের ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’। এতে সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন বিদ্যা বালান। দক্ষিণী চলচ্চিত্রের পরিচিত মুখ সিল্ক স্মিতা তাঁর ১৮ বছরের অভিনয়জীবনে চার শতাধিক সিনেমায় কাজ করেছিলেন। মাত্র ৩৫ বছর বয়সে চেন্নাইয়ে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়।
সূত্র: আনন্দবাজার।
