কোন দিকে যাচ্ছে বিএনপি জামায়াতের সম্পর্ক?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর রাজনীতিতে অনেকটাই নিষ্ক্রিয় আওয়ামী লীগ। ঠিক এমন পরিস্থিতি রাজনীতির মাঠ এখন বিএনপি জামায়াতের দখলে। তবে দল দুটির মধ্যে মধ্যে প্রায় ২৫ বছরে মিত্রতা থাকলেও হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
দল দুটির নেতারা সম্প্রতি একে অপরকে কটাক্ষ করছেন। রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থান নিচ্ছেন। নানা বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে বিএনপি জামায়াতের মধ্যে।
তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে। বিএনপি অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার জন্য চাপ দিচ্ছে।
বিপরীতে জামায়াত সরকারকে চাপ না দেওয়ার কথা বলছে। দল দুটির এমন পরস্পর বিরোধী বক্তব্যে তাদের সম্পর্কে ভাঙন ধরছে কিনা এমন প্রশ্ন এখন অনেকের মনে।
এসব বিষয় যখন সামনে এসেছে তখন জামায়াতের সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রশ্ন ছিল বিএনপি মহাসচিবের কাছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি জামায়াত দুটি ভিন্ন দল। তবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো একসাথে লড়াই-সংগ্রাম করেছে। তাই সবার উচিত ঐক্যবদ্ধ থাকা।
বিএনপি জামায়াতের আদর্শ ভিন্ন হলেও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে দু দলই একমত। তবে বিএনপির দাবি রাষ্ট্রের সংস্কার শেষে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দিকে যাবেন অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে দলটি সর্বাত্মক সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানান তিনি।
তবে পতিত ফ্যাসিবাদীরা যেন কোনোভাবেই ফিরে আসতে না পারে- সে জন্য সকল রাজনৈতিক দলগুলোকে সর্বদা সজাগ থাকার আহবান মির্জা ফখরুলের।
