×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান আইজেনকোটের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

নেতানিয়াহুর 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান আইজেনকোটের

বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ফাইল ছবি

ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট। নেতানিয়াহুর এ প্রস্তাবকে ‘রাজনৈতিক কৌশল’ ও সময়ক্ষেপণের চেষ্টা বলে অভিহিত করেছেন তিনি। একই সঙ্গে নেতানিয়াহুর বিরুদ্ধে গণতন্ত্রের জন্য হুমকি সৃষ্টি এবং রাজনৈতিক বিভেদ উসকে দেওয়ার অভিযোগ তুলে অবিলম্বে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন।

ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট বলেন, নেতানিয়াহু জানেন, তিনি নির্বাচনে হেরে গেছেন। জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব মূলত ক্ষমতা ধরে রাখা এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কৌশল।

লিকুদ পার্টির নেতাদের এমন আচরণকে ইসরায়েলের গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করে আইজেনকোট বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের কর্মকাণ্ড দেশটির গণতন্ত্রের জন্য বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি। দুর্নীতি, অনিয়ম এবং নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক অস্তিত্ব রক্ষার স্বার্থে ইসরায়েলের কোনো প্রতিষ্ঠানই নিরাপদ নয়।

তিনি আরও বলেন, নেতানিয়াহু এখন আর কোনো সীমারেখা মানছেন না। এমন পরিস্থিতিতে তাঁর আর এক মুহূর্তও ক্ষমতায় থাকা উচিত নয়।

উল্লেখ্য, গত সপ্তাহে অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহু কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সরকার গঠনের জন্য দেশটির পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে অন্তত ৬১টি আসনে সমর্থন প্রয়োজন।

নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি এবং তাদের কট্টর ডানপন্থী ও অতি-রক্ষণশীল ইহুদি মিত্ররা মিলে ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, আইজেনকোটের মধ্যপন্থী ইয়াশার পার্টি এবং তাদের জোটের অন্য তিনটি ইহুদি দল পেয়েছে ৪৮টি আসন।

এ ছাড়া আরবদের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট জোট পেয়েছে ১৯টি আসন, যা দেশটির ইতিহাসে একটি নতুন রেকর্ড। আরব ভোটারদের মধ্যে ভোট দেওয়ার হার বেড়ে যাওয়ায় দল দুটি এই সাফল্য পেয়েছে বলে জানা গেছে।

এ অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। কারণ, ১৯টি আসন পাওয়া আরব দলগুলো তাঁর সঙ্গে জোট সরকার গঠনে আগ্রহ দেখিয়েছে।

নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সরকার গঠন করতে না পারলে সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

এমন পরিস্থিতিতে আইজেনকোটের প্রতি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন। এ ধরনের সরকার ইরানের হুমকি চিরতরে শেষ করতে পারে।

প্রস্তাবিত জাতীয় ঐক্যের সরকারে কেবল সেই দলগুলোকে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন নেতানিয়াহু, যারা ইসরায়েলকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

নির্বাচনের আগে আইজেনকোট ও তাঁর জোটের একজন ছাড়া বাকি সব সদস্য আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে আপত্তি জানিয়েছিলেন। তবে এ বিষয়ে সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। পাশাপাশি অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গেও সমঝোতার চেষ্টা করতে পারেন আইজেনকোট। যদিও সে পথও সহজ নয়।

নির্বাচনের ফলাফলে সরকার গঠনের তিনটি সম্ভাব্য পথের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এর মধ্যে রয়েছে নেতানিয়াহু ও আইজেনকোটের অংশগ্রহণে জাতীয় ঐক্যের সরকার গঠন, আইজেনকোটের জোট থেকে কয়েকজন সদস্যের সমর্থন নিয়ে নেতানিয়াহুর নেতৃত্বে ডানপন্থী সরকার গঠন অথবা আরব দলগুলোর সমর্থনে আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠন।

তবে নেতানিয়াহুর জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাব প্রত্যাখ্যানের পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভেদ ও উসকানি ছড়ানোর অভিযোগ তুলেছেন আইজেনকোট।

তিনি বলেন, আলোচনার বিষয়ে ইতিমধ্যে সমঝোতা হয়েছে। অথচ নেতানিয়াহু এখন আলোচনার আহ্বান জানাচ্ছেন। তিনি ঐক্যের কথা বললেও বাস্তবে বিভেদ ও উসকানি ছড়াচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আইজেনকোট ইসরায়েলের নাগরিকদের উদ্দেশে বলেন, এটি নেতানিয়াহুর সর্বশেষ প্রতারণা। তাঁর সময়সূচি আগেই নির্ধারিত থাকার পরও তিনি আলোচনার দাবি জানাচ্ছেন। এ ধরনের কৌশল তাঁকে কিংবা ইসরায়েলের নাগরিকদের প্রভাবিত করতে পারবে না।

তিনি আরও লেখেন, বক্তব্য ও বিবৃতিতে যা-ই বলা হোক না কেন, নেতানিয়াহু জানেন যে তিনি নির্বাচনে হেরে গেছেন। একটি নতুন ও আরও ভালো সরকার গঠিত হতে যাচ্ছে, সেটিও তিনি জানেন। এ কারণেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া কঠিন করে তুলতে এবং নেসেটের স্পিকার পরিবর্তন ঠেকাতে সময়ক্ষেপণের কৌশল নিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেতানিয়াহুর 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান আইজেনকোটের

নেতানিয়াহুর 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান আইজেনকোটের

‘গুম-খুনের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না’

‘গুম-খুনের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না’

কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে

কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App