×

এশিয়া

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার, আটক ১১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৪ এএম

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার, আটক ১১

ছবি : সংগৃহীত

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে একটি কাঠের বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১১ জনকে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে। অপর ৬৫ জন মালয়েশিয়া যাওয়ার জন্য প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে নৌবাহিনী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কক্সবাজারের সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে গভীর সাগরে অভিযান চালিয়ে বোটটি উদ্ধার করে টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফভি ক্রিস্টাল-১-এর কর্মীরা সমুদ্রে ভাসমান একটি কাঠের বোট দেখতে পান। বোটটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে যাওয়ায় তাতে পানি ঢুকছিল। বোটে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বানৌজা খালিদ বিন ওয়ালিদ বোটটি উদ্ধার করে। পরে নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বোটে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করেন। তাদের প্রাথমিক চিকিৎসা, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তাও দেওয়া হয়।

নৌবাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। বাকি ৬৫ জন মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে।

নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিদের অধিকাংশকে মানবপাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে তাদের মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল।

অবৈধভাবে সমুদ্রপথে যাত্রী পরিবহনে ব্যবহৃত বোটটি এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নৌবাহিনী আরও জানায়, ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে বোটটিতে পানি প্রবেশ করায় যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার ফলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা নাগরিক ও নারীও রয়েছেন।

বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও চোরাচালান দমন এবং সমুদ্রে সংঘটিত বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান মুক্তাদিরের শ্বশুর মদ কারবারি কে এই শেখ নূর

সালমান মুক্তাদিরের শ্বশুর মদ কারবারি কে এই শেখ নূর

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার, আটক ১১

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার, আটক ১১

সয়াবিন তেলের দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

সয়াবিন তেলের দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App